ধনিয়াখালি সোমসপুরে স্বাস্থ্য ও চক্ষু শিবির বিনামূল্যে চিকিৎসা ও সম্মাননা অনুষ্ঠান
নতুন পয়গাম, ধনিয়াখালি:
ধনিয়াখালির নিকট সোমসপুর পীরতলার রওশন আলী মল্লিক মেমোরিয়াল জুনিয়র হাই মাদ্রাসা প্রাঙ্গণে রবিবার জমে উঠেছিল এক অন্যরকম চিত্র। গ্রামের মানুষের ভিড়, স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসক ও সমাজসেবীদের সমাগম— সব মিলিয়ে এক প্রাণবন্ত সামাজিক আয়োজন। ‘খবরের স্পন্দন’ পত্রিকার উদ্যোগে এবং হিরণ্যবাটি গ্রামীণ শিল্প নিকেতন ও আওয়ার অবলম্বনের সহযোগিতায় অনুষ্ঠিত হয় একদিনের বিনামূল্যের স্বাস্থ্য ও চক্ষু শিবির।
অনুষ্ঠানের সূচনা করেন স্থানীয় বিধায়ক অসীমা পাত্র। উদ্বোধনী পর্বেই তিনি এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘‘গ্রামের সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই ধরনের শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’
‘খবরের স্পন্দন’-এর সম্পাদক নৌশাদ মল্লিক স্বাগত ভাষণে জানান, ‘‘আমরা চাই মানুষ যেন অর্থাভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হন। এই শিবির তারই ছোট্ট প্রচেষ্টা।’’
এদিন প্রায় দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, হার্ট চেক-আপ এবং চোখের চিকিৎসা করান। শিবিরে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি চোখের রোগ শনাক্তকরণ ও বিনামূল্যে চোখের ওষুধ বিতরণ হয়।
শুধু চিকিৎসা নয়, সমাজে অবদান রাখা বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবীদেরকেও এই দিনে সম্মাননা জানানো হয়। হার্ট বিশেষজ্ঞ ডা. নারায়ণ ভট্টাচার্য, ডা. এস. কে. মোল্লা, ডা. পলাশ দাশ, ডা. অর্ঘ্য বিশ্বাস, ডা. সুমন পাল চৌধুরী, সমাজসেবী শান্তিময় দে, শিবদাস চক্রবর্তী, শেখ জসিম উদ্দিন মন্ডল, আসফার হোসেন, কবি সুলেখা চৌধুরী ও বিশ্বনাথ ধাড়াকে ‘খবরের স্পন্দন’-এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে কবিতা পাঠ করেন সেখ সিরাজ। তাঁর আবৃত্তি অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও দর্শকদের মন কেড়ে নেয়। সমগ্র আয়োজনটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন পান্থ মল্লিক।
উৎসবমুখর এই আয়োজন প্রমাণ করল, মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকলেই সংবাদমাধ্যমও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।







