হাসিনা আর ভোটার নন ফেব্রুয়ারিতে নির্বাচন বাংলাদেশে
নতুন পয়গাম, ঢাকা,
১৮ সেপ্টেম্বর: কেড়ে নেওয়া হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোটাধিকার। জীবনে আর কখনো ভোট দিতে পারবেন না মুজিব-কন্যা ও তাঁর পরিবারের লোকেরা। তাঁর পরিবারের ১০ সদস্যের কারো ভোটাধিকার রইল না। বৃহস্পতিবার বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে, হাসিনা ও তার পরিবারের সবার জাতীয় পরিচয়পত্র বাজেয়াপ্ত করা হয়েছে। আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে পার্লামেন্ট নির্বাচন হবে। কিন্তু ভোট দিতে পারবেন না প্রাক্তন দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের সদস্যরা।
গতবছর জুলাই থেকে সেদেশে ব্যাপক ছাত্র আন্দোলন তথা গণঅভ্যুত্থানের জেরে শেষমেষ ৫ আগস্ট ২০২৪ পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান প্রধানমন্ত্রী হাসিনা। তাঁর পরিবারের সদস্যরা ও তাঁর রাজনৈতিক দল আওয়ামী লিগের হেভিওয়েট নেতা-মন্ত্রীরাও দেশ ছেড়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন দেশে। বেশিরভাগই ইউরোপের দেশগুলোতে রয়েছেন তারা।
এদিকে, দেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে স্থিতাবস্থা ফেরাতে ড. মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচনের আয়োজন করছে। সেই মতো বাংলাদেশের নির্বাচন কমিশন ভোট প্রস্তুতি শুরু করে দিয়েছে। তারই অংশ হিসেবে এদিন জানানো হল, হাসিনার জাতীয় পরিচয়পত্র এবং ভোটাধিকার বাতিল করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, হাসিনার বোন শেখ রেহানা, পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলেদেরও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে। এই মুহূর্তে হাসিনার ছেলে-মেয়ে রয়েছেন আমেরিকায়। বোন রেহানা রয়েছেন দিদি হাসিনার সঙ্গে দিল্লিতেই। কেউ কেউ রয়েছেন লন্ডনে বা অন্যান্য দেশে। ইতিমধ্যেই হাসিনার দল আওয়ামী লিগ ও তার ছাত্র সংগঠন ছাত্র লিগকে নিষিদ্ধ করা হয়েছে। দেশবাসী সকলেই ভোট দিতে পারবেন। পারবেন না কেবল হাসিনা ও তার পরিবারের ১০ সদস্য।








