শাহবাজের ঘূর্ণি আর আকাশের আগুনে ছারখার হরিয়ানা, গ্রুপ শীর্ষে বাংলা
নিজস্ব সংবাদদাতা: রঞ্জির ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচেও দাপট অব্যাহত বাংলার। এলিট গ্রুপ সি-এর শীর্ষে এই মূহুর্তে বাংলা। আর বাংলার সাফল্যের পিছনে যিনি নিঃশব্দে কাজ করে চলেছেন তিনি শাহবাজ আহমেদ। অনেক খেলোয়াড়কে নিয়ে আলোচনা হয়,অথচ তিনি অন্তরালেই থেকে যান। সিজনের পর সিজন রঞ্জি ট্রফিতে শাহবাজ আহমেদ যেভাবে পারফরমেন্স করছেন সত্যিই তা অভাবনীয় । ব্যাট হাতে হোক বা বল হাতে, তিনি সবসময় পরিত্রাতার রূপে ধরা দেন।কালও হরিয়ানার বিরুদ্ধে ১১.১ ওভার বল করে মাত্র ৪২ রান দিয়ে পাঁচ পাঁচটি উইকেট নিয়ে বিপক্ষকে গুড়িয়ে দেন । কিজন্য এই ছেলেটা ভারতীয় টেস্ট বা ওডিআই দলে সুযোগ পায়না, সত্যিই তা ধারনার বাইরে।এমনকি তাঁকে নিয়ে কাউকে সোচ্চার হতে দেখা যায় না। তবে এদিন নায়ক একা শাহবাজ নন,আকাশদীপও ৫ টি উইকেট নেন। অন্যদিকে ব্যাট হাতে একা লড়াই করেন সুদীপ চ্যাটার্জী। তাঁরই বদৌলতে বাংলা ১৯৩ তোলে।অল্পের জন্য (৮৬) সেঞ্চুরি মিস করেন। পক্ষান্তরে হরিয়ানার প্রথম ইনিংস শেষ হয় মাত্র ১০০ রানে। তাঁদের তিনজন ব্যাটার কেবল দু অঙ্কের রানে পৌঁছান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলা অভিমন্যু আর সুদীপ ঘরামির অর্ধশতকে ১৫৫-৩ রান তুলেছে। ইতিমধ্যেই লিড ছাড়িয়েছে ২৪৮। ফলে শেষ ম্যাচটাও বাংলা জিততে চলেছে, বলাই বাহুল্য।








