দুঃস্থ ও রেলযাত্রীদের বন্ধু সেখ আক্তার আলি
অভিজিৎ হাজরা, নতুন পয়গাম, বাগনান:
দিন আনা দিন খাওয়া এক সাধারণ মানুষ। তবুও বাগনানের রেলযাত্রী ও অসহায় মানুষদের সাহায্যে সাধ্যমত পাশে দাঁড়ান— সেখ আক্তার আলি।
দীর্ঘ ২০ বছর আগে মালবাহক হিসেবে কর্মজীবন কাটিয়েছেন। বাগনান স্টেশনে যাত্রীদের মালপত্র মাথায় করে পৌঁছে দেওয়াই ছিল তাঁর জীবিকা। কিন্তু পেশার পাশাপাশি সমাজসেবার এক দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নেন— সেখ আক্তার।
বর্তমানে তিনি স্টেশনের নতুন টিকিট কাউন্টারের পাশে একটি ছোট চায়ের দোকান চালান। সেখান থেকেই নিজের উপার্জনের একটি অংশ জমিয়ে রাখেন সমাজসেবার কাজে। পূজার সময় সেই অর্থ দিয়েই তিনি বিনামূল্যে জল, দুধ, বিস্কুট, ওষুধ ও বাতাসা বিতরণ শুরু করেন যাত্রী ও দর্শনার্থীদের মধ্যে।
অসুস্থ যাত্রী বা দুঃস্থ পরিবারের প্রয়োজনে আর্থিক সহায়তাও করেন নিজের সামর্থ্য অনুযায়ী।
রেল কর্তৃপক্ষের এক আধিকারিকের কথায়, “আক্তার আলির সমাজসেবা অর্থে মাপা যায় না। বিশেষকরে পুজোর দিনগুলোতে যখন কাউকেই পাওায়া যায় না, তখন তাঁর উপর আমরা অনেকটাই ভরসা করতে পারি।”
সেখ আক্তার আলি যে নিরন্তর মানবসেবায় নিয়োজিত— তা প্রমাণ করে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য পদ বা সম্পদ নয়, প্রয়োজন উদারতার।







