ভাঙড়ে ফের গাঁজা উদ্ধার, গ্রেফতার তিনজন
সাহিনুর ইসলাম, নতুন পয়গাম, ভাঙড়:
ভাঙড়ে ফের গাঁজা পাচারচক্রের হদিস পেল পুলিশ। উত্তর কাশিপুর থানার অন্তর্গত কৃষ্ণমাটি এলাকা থেকে উদ্ধার হল প্রায় ২৫ কেজি গাঁজা। ঘটনায় গ্রেফতার হয়েছে তিনজন, তাঁদের মধ্যে দুইজন মহিলা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার থেকে গাঁজা বোঝাই করে দুই মহিলা একটি অটোতে করে কৃষ্ণমাটি এলাকায় আসে। তারা হাতিশালা থেকে স্থানীয় বাসিন্দা জাকির মোল্লার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কাশিপুর থানার পুলিশ ওই বাড়িতে হানা দেয় এবং তল্লাশি চালিয়ে প্রায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করে।
পুলিশ ঘটনাস্থল থেকেই দুই মহিলা সহ জাকির মোল্লাকে গ্রেফতার করে। পাশাপাশি গাঁজা পরিবহণে ব্যবহৃত অটোটি বাজেয়াপ্ত করা হয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, এই পাচারচক্রে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের মূল সূত্র উদঘাটনের চেষ্টা চলছে।








