গঙ্গার জল বণ্টন চুক্তি নিয়ে আজ বৈঠকে দিল্লি-ঢাকা
নতুন পয়গাম, নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর:
গঙ্গা নদীর জলবণ্টন চুক্তি রিনিউ ইস্যুতে মঙ্গলবার বৈঠকে বসছে ভারত ও বাংলাদেশ। দিল্লিতে এই বৈঠকে অংশ নেবেন দুই দেশের যৌথ নদী কমিশনের কর্মকর্তারা। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর দিল্লিতে এক বৈঠকে উভয় দেশের মধ্যে গঙ্গার জলবণ্টন চুক্তি হয়। তৎকালীন প্রধানমন্ত্রী এইচ.ডি দেবগৌড়া ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ বছর মেয়াদে এই চুক্তিতে সই করেছিলেন। আগামী বছর ডিসেম্বরে এই চুক্তির মেয়াদ শেষ হবে। তাই মঙ্গলবারের বৈঠকে এই চুক্তির নানা পর্যালোচনা ও সংশোধন নিয়ে আলোচনা হওয়ার কথা।
উল্লেখ্য, চুক্তির বিষয়গুলো খতিয়ে দেখতে বাংলাদেশের প্রতিনিধিরা জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের ফরাক্কা ব্যারাজে অবস্থান করেন। প্রতিদিন চারবার করে পানি ছাড়ার পরিমাণ খতিয়ে দেখেন তারা। এরই পরিপ্রেক্ষিতে গঙ্গার জলবণ্টন চুক্তি নবায়নের সময় বাংলাদেশ গড়ে ৪০ হাজার কিউসেক পানি চাইতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে চুক্তিটি দীর্ঘমেয়াদি করার পরিকল্পনাও আছে। অন্যদিকে, পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর জল বণ্টনচুক্তি স্থগিতের পর এবার বাংলাদেশের সঙ্গে আগামী বছর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার জলবণ্টন চুক্তির শর্ত নতুন করে ঠিক করার সিদ্ধান্ত নিয়েছে ভারত, এমনটাই সূত্রের খবর।
নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, নয়াদিল্লি ঢাকাকে জানিয়েছে, উন্নয়ন চাহিদা মেটাতে ভারতের আরো জল সম্পদের প্রয়োজন। এছাড়া, নতুন চুক্তি হবে আগের চেয়ে স্বল্পমেয়াদি, সম্ভবত ১০ থেকে ১৫ বছরের। উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে এখন পর্যন্ত কেবল গঙ্গা নদীর জল বণ্টন নিয়েই দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। অন্য কোনো অভিন্ন নদী নিয়ে আনুষ্ঠানিক চুক্তি হয়নি, তবে এ বিষয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে দুই নিকটতম প্রতিবেশী দেশের মধ্যে।








