ম্যাচ বাতিলে বাড়ছে ক্ষোভ
যোগী-রাজ্যে ম্যাচ কেন?
স্টাফ রিপোর্টার, নতুন পয়গামঃ
চলমান দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজের চতুর্থ ম্যাচ বাতিল হয়ে যায়।নেপথ্যে -বায়ু দূষনের কারনে সৃষ্ট ধোঁয়াশা।যা ক্রিকেট ইতিহাসে প্রায় বিরল।
বুধবার সন্ধে সাতটা থেকে চতুর্থ টি-টোয়েন্টি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই জানা যায় যে, অত্যধিক বায়ুদূষণে সৃষ্ট কুয়াশার কারণে পিছিয়ে যাচ্ছে টস। সেই সময় অবস্থা এতটা খারাপ ছিল যে, দু’হাত দূরে কিছু দেখা যাচ্ছিল না! খুব স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে, এ অবস্থায় লখনউয়ে খেলা ধার্য করা হল কেন? ওয়াকিবহাল মহল প্রশ্ন তুলছে, এটা তো জানাই ছিল যে শীতের সময় উত্তর ভারতে বায়ুদূষণ ভয়াবহ জায়গায় যায়। লখনউয়ে যে এ জিনিস হতে পারে, আন্দাজ করা খুব কঠিন নয়। তা হলে কেন আগাম সতর্কতা নেওয়া হল না? বোর্ড মহলের কেউ কেউ বলছেন, উত্তর ভারতে এই সময় ম্যাচ দেওয়াটা অতীব বোকামি।
ম্যাচ বাতিল হওয়া নিয়ে মুখ খুলেছেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি বলেন, “লখনউয়ে টি-২০ ম্যাচ বাতিল হয়েছে, সেটা নিয়ে সকলেই খুব হতাশ। সমস্ত প্রস্ততি থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে কুয়াশার কারণে ম্যাচটা বাতিল হল। আসলে ডিসেম্বরের ১৫ তারিখ থেকে জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত উত্তর ভারতে ধোঁয়াশার সমস্যাটা খুব বেশি থাকে। তবে আগামী দিনে সূচি তৈরির সময় এই বিষয়টা অবশ্যই মনে রাখা হবে।”
বুধবারের ম্যাচ বাতিলের পর প্রশ্ন উঠছে, এই পরিস্থিতির দায় কার? এ কথা ঠিক যে লখনউয়ে বাতাসের এই হালের জন্য রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন দায়ী। উল্লেখ্য, আগামী মাসেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজ রাখা হয়েছে দক্ষিণ ভারত ও পশ্চিম ভারতের শহরগুলিতে। প্রশ্ন উঠছে, দক্ষিণ আফ্রিকা সিরিজের ম্যাচটিও কেন এই শহরগুলিতে দেওয়া হল না?
এর পিছনে রাজনৈতিক প্রভাব আছে কিনা,তাও খতিয়ে দেখা হচ্ছে।








