আজ থেকে চালু হচ্ছে নতুন জিএসটি
নতুন পয়গাম, নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর:
আজ সোমবার থেকে দেশজুড়ে লাগু হচ্ছে নতুন জিএসটি হার। একে রীতিমতো ‘জিএসটি উৎসব’ বলে অভিহিত করেছে কেন্দ্র সরকার তথা বিজেপি। তাদের দাবি, ২২ সেপ্টেম্বর থেকে ভারতবর্ষ আত্মনির্ভরতার দিকে নতুন যাত্রা শুরু করবে। তার আগে রবিবার জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, জিএসটির নতুন কাঠমো কীভাবে সাধারণ মানুষের উপকারে আসবে। এদিন নতুন কোন ঘোষণায় না গিয়ে জিএসটির উপকারিতার খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সোমবার নবরাত্রির প্রথম দিন থেকেই নতুন জিএসটি কাঠামো কার্যকর হতে চলেছে। এর ফলে দেশের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বৃদ্ধি এবং জিএসটির কর হার সংস্কারের ফলে সাধারণ মানুষের আড়াই লক্ষ কোটি টাকা সাশ্রয় হবে বলেও দাবি করেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, কয়েক দশক ধরে দেশের মানুষ ও ব্যবসায়ীদের নানা ধরনের কর দিতে হত। এন্ট্রি ট্যাক্স, সেলস ট্যাক্স, আবগারি, ভ্যাট, সার্ভিস ট্যাক্স ইত্যাদি চালু ছিল। এত রকমের কর দিতে গিয়ে পণ্যের দাম অনেকটা বেড়ে যেত। জিএসটি চালু হওয়ার পর এই কর সংক্রান্ত জটিলতা কেটেছে। এখন অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্য কর-মুক্ত হয়ে যাচ্ছে। স্বদেশি পণ্য কেনার জন্য এদিন আবারও দেশবাসীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ যখন উন্নয়নের শিখরে ছিল, তখন অর্থনীতির মূল ভিত্তি ছিল ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প। সেই গৌরব ফিরিয়ে আনতে হবে। আমাদের স্বদেশী পণ্য যেন দেশবাসীকে গর্বিত করে।








