আন্তর্জাতিক নারী দিবসে বসিরহাটে মহিলাদের জন্য ফ্রি সেল্ফ ডিফেন্স প্রশিক্ষণ শিবির
নতুন পয়গাম, বসিরহাট, ৮ মার্চ: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উত্তর ২৪ পরগনার বসিরহাটে মহিলাদের আত্মরক্ষার দক্ষতা বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। বসিরহাট রয়্যাল ক্যারাটে-ডো অ্যাকাডেমি এবং রয়াল মইয়েথাই এর উদ্যোগে আয়োজিত হয় একদিনের বিনামূল্যের সেল্ফ ডিফেন্স প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ কর্মসূচিতে এলাকার বহু ছাত্রী ও মহিলারা অংশগ্রহণ করেন এবং আত্মরক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশল শেখেন। বর্তমান সময়ে নারী নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই বিষয়টিকে সামনে রেখে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। তাদের বক্তব্য, সমাজে নারীরা যাতে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে এবং যেকোনো বিপদের মুহূর্তে নিজেদের রক্ষা করতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।প্রশিক্ষণ শিবিরে ১৪ বছর বা তার ঊর্ধ্বে বয়সী ছাত্রীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। প্রশিক্ষকরা ক্যারাটে ও মার্শাল আর্টের বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখান। জরুরি পরিস্থিতিতে আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ দেওয়া হয়।
উপস্থিত ছিলেন প্রশিক্ষক শান্তনু বসু, এবং রয়েল একাডেমীর প্রতিষ্ঠাতা সোমনাথ। বসিরহাট রয়্যাল ক্যারাটে-ডো অ্যাকাডেমির পক্ষ থেকে জানানো হয়, নারী দিবস উপলক্ষে এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল নারীদের আত্মনির্ভরশীল ও সাহসী করে তোলা। সমাজে নারীরা যাতে নিরাপদ বোধ করেন এবং প্রয়োজনে নিজেরাই নিজেদের রক্ষা করতে পারেন, সেই বার্তাই এই উদ্যোগের মাধ্যমে তুলে ধরা হয়েছে।নারী দিবসে এই উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং অনেকেই মনে করছেন, সমাজে নারীদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ








