নেপালের পর উত্তাল ফ্রান্স লাখো জনতা রাস্তায়, গ্রেফতার ৩০০
নতুন পয়গাম, প্যারিস, ১০ সেপ্টেম্বর: নেপালের পর এবার বিক্ষোভে উত্তাল ফ্রান্স। নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে ক্ষোভ, দুর্নীতি, দমনপীড়ন নীতি এবং বাজেটে পরিকল্পিত কাটছাঁটের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বুধবার দেশজুড়ে সর্বাত্মক অবরোধের ডাক দেন বিক্ষোভকারীরা। রাজধানী শহর প্যারিস ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে যানবাহন চলাচলে বাধা দেন তারা। অনেক জায়গায় পুলিশের সঙ্গে রীতিমতো সংঘর্ষ বা খণ্ডযুদ্ধ বেধে যায়। বুধবার রাত পর্যন্ত প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়।
বিক্ষোভকারীরা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগের দাবিতে অবিরাম স্লোগান দিতে থাকেন। সোমবার পার্লামেন্টে বাজেট নিয়ে এক আস্থা ভোটে পরাজিত হয়ে প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে পদত্যাগ করতে হয়। ফলে দু-বছরেরও কম সময়ে পাঁচজন প্রধানমন্ত্রী বদলায় ইউরোপের শীর্ষ দেশশটিতে। বর্তমানে রাজনৈতিকভাবে খুবই নড়বড়ে অবস্থানে রয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রো।
জানা গিয়েছে, উত্তেজিত জনতা বিভিন্ন শহরে সরকারি অফিস, স্কুল, কলেজ থেকে শুরু করে সড়ক, রেল স্টেশনেও অবরোধ করছে। তাদেরকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। তাতেও পরিস্থিতি সামাল দিতে না পেরে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেটায়ো বলেন, বিক্ষোভ সমাবেশগুলোতে ‘কট্টরপন্থী ও চরম বামপন্থী গোষ্ঠী’ অনুপ্রবেশ করায় হিংসাত্মক রূপ নিয়েছে। জানা গিয়েছে, দেশজোড়া বিক্ষোভে অন্তত ৮০ হাজার ছাত্র ও জনতা রাস্তায় নেমেছে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্তিয়ান লেকর্নুকে দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ। তারপরই বিক্ষোভ শুরু হয়। অনেক জায়গায় দেখা যায় ফিলিস্তিনের পতাকা হাতে নেমেছে বিক্ষোভকারীরা।








