ফুটন্ত তেলের কড়াইয়ে পড়ে আহত চার, প্রশাসনের নজরদারিতে প্রশ্ন!
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়ি:
পুজোর বাজার করতে এসে ভয়াবহ দুর্ঘটনা। রাস্তার ধারে ফুটন্ত তেলের কড়াইয়ে পড়ে গুরুতরভাবে আহত হলেন চারজন। বুধবার বিকেলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি শহরে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তারা হলেন আলীজা বিবি ও মহিররুদ্দিন মিয়া।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ি বাজার থেকে থানার দিকে যাওয়া ব্যস্ততম রাস্তায় ফুটপাতজুড়ে অবৈধভাবে চলছে ভাপা-পোড়া ও চপ-সিঙারার দোকান। গ্যাস সিলিন্ডার বসিয়ে, খোলা আকাশের নিচে উনুনে ফুটন্ত তেলে ভাজার কাজ চলে প্রতিদিনই। এভাবেই চলছিল এক দোকানে সিঙারা ভাজার কাজ। ঠিক তখনই এক গরু হঠাৎ এক মহিলাকে শিং দিয়ে গুতা দিলে তিনি ও তাঁর স্বামী ভারসাম্য হারিয়ে পড়ে যান ওই দোকানের তেলের কড়াইয়ের উপর। মুহূর্তের মধ্যে ফুটন্ত তেল ছিটকে পড়ে তাঁদের শরীরে ও পায়ে। সঙ্গে আহত হন দোকানের দুই কর্মচারীও।
চারজনকেই স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানান, আলীজা বিবির শরীরের বিভিন্ন অংশে এবং তাঁর স্বামীর পায়ে গুরুতরভাবে দগদগে পোড়া ঘা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।
এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, শহরের বিভিন্ন রাস্তায় অবৈধভাবে ফুটপাতে গ্যাস উনুন বসিয়ে খাবার বিক্রি হলেও পৌর কর্তৃপক্ষ বা পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না। এর আগে একইভাবে একটি শিশু আহত হয়েছিল ঠিক এমনই এক দোকানে পড়ে। তবু নজরদারির অভাবেই ফের ঘটল বড়সড় দুর্ঘটনা।
নাগরিক মহলের দাবি, শহরের ব্যস্ত রাস্তায় এভাবে বিপজ্জনকভাবে রান্না-বিক্রির ব্যবসা বন্ধ করতে হবে অবিলম্বে, নইলে বড় বিপদের আশঙ্কা রয়েই গেল।








