মৎস্যজীবীদের তিন পক্ষকাল মহল পাশের দাবি এপিডিআরের
নতুন পয়গাম, হাসান লস্কর, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবন সংলগ্ন জঙ্গলনির্ভর মৎস্যজীবীদের আর্থসামাজিক সুরক্ষার দাবিতে সরব হল মানবাধিকার সংগঠন এপিডিআর। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে কুলতলির দেউলবাড়ি দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েক শত মৎস্যজীবীকে নিয়ে সমাবেশ ও পদযাত্রার আয়োজন করা হয়।
সংগঠনের দাবি, জঙ্গলে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করতে গিয়ে বহু মৎস্যজীবী বাঘ ও কুমিরের আক্রমণে প্রাণ হারাচ্ছেন বা গুরুতর আহত হচ্ছেন। মৃত ও আহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি বনদপ্তরের তরফে তিন পক্ষকালের বদলে এক পক্ষকালের ‘মহল পাশ’ দেওয়ায় জীবিকা নির্বাহে চরম সমস্যায় পড়ছেন জঙ্গলমুখী মানুষজন। তাই তিন পক্ষকাল মহল পাশ চালুর দাবি তোলা হয়। এপিডিআরের রাজ্য সাধারণ সম্পাদক আলতাফ আমেদ, রঞ্জিত সুর, মিঠুন মণ্ডল প্রমুখ নেতারা বক্তব্য রাখেন। তাঁদের অভিযোগ, কর্পোরেট সংস্থার মাধ্যমে গভীর জঙ্গলে মৌচাক বসিয়ে মধু সংগ্রহের ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং স্থানীয় মৌয়ালরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সমাবেশ থেকে সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষা ও জঙ্গলনির্ভর মানুষের অধিকার সুরক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়।








