রাষ্ট্রপতি ভবনের অদূরে আগুন
নতুন পয়গাম, নয়াদিল্লি:
কালিপুজো বা দীপাবলি চলাকালেই দিল্লিতে রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলসের কাছে আগুন লেগে যায় মঙ্গলবার। এদিন দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে আগুন অন্যত্র ছড়িয়ে না পড়ায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় এলাকাবাসী। খবর পেয়েই দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এদিন দুপুর পৌনে ২টা নাগাদ রাষ্ট্রপতি ভবনের ৩১ নম্বর গেটের কাছে নর্মদা আবাসনে আগুন লাগে। দিল্লি পুলিশ ও দমকলবাহিনীর লোকজন মিলে ২০-২৫ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। এই দুর্ঘটনায় হতাহতের কোন খবর নেই। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে এলাকাটি হাইফাই সিকিওরিটি জোনের আওতায় থাকার কারণে অগ্নিকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। একইসঙ্গে যাতে এখানে পুনরায় একইরকম অনভিপ্রেত দুর্গটনা না ঘটে, সেসব দিকও খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা।








