শেওড়াফুলি জংশন রেলস্টেশনে অগ্নিকাণ্ড
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ হুগলির শেওড়াফুলি জংশন রেলস্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে বিকেলে আকস্মিক অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ায়। আজ বিকেল সাড়ে তিনটে নাগাদ প্রস্রাবাগারের পাশের ঝোপঝাড়ে আগুন লাগে বলে জানা যায়। অনুমান করা হচ্ছে, কোনও যাত্রী সিগারেট খেয়ে অবশিষ্ট অংশ শুকনো পাতার মধ্যে ফেলে দেওয়ায় আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং প্ল্যাটফর্মে থাকা দুটি পরিত্যক্ত দুই হাজার লিটারের পলিমার জলের ট্যাঙ্ক, শুকনো গাছের গুঁড়ি, যাত্রী ঘোষণার মাইক ও ইলেকট্রিক তার পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় স্টেশন চত্বর আতঙ্কিত হয়ে পড়ে।স্টেশন কর্তৃপক্ষ খবর দিলে দমকল বাহিনী কিছুটা দেরিতে পৌঁছায়। ততক্ষণে যাত্রী, রেলকর্মী ও রেল পুলিশ আগুন নেভানোর চেষ্টা চালান। পরে দমকল এসে প্রায় চল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয় এবং আপ ট্রেনগুলো পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চালানো হয়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাঙ্কগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল এবং জল না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার কারণ খতিয়ে দেখছে রেল পুলিশ ও রেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, প্রায় এক বছর আগে প্ল্যাটফর্ম থেকে হকার উচ্ছেদ হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।








