জাতীয় সড়কের পাশে দুই দাঁতাল হাতির তুমুল লড়াই, থমকে গেল যান চলাচল
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, নাগরাকাটা:
ডায়না ব্রিজ সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে রবিবার সকালে দেখা গেল এক বিরল ও রোমহর্ষক দৃশ্য—দুই দাঁতাল হাতির মুখোমুখি সংঘর্ষ! মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়, থমকে যায় যান চলাচল।
সাম্প্রতিক বন্যায় জলপাইগুড়ি জেলার নাগরাকাটা মহকুমার বহু বনাঞ্চল প্লাবিত হয়েছে। গরুমারা ও ডায়না রেঞ্জের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যাওয়ায় আশ্রয়ের খোঁজে বন্যপ্রাণীরা প্রায়শই লোকালয়ের কাছাকাছি চলে আসছে।
এদিন সকালেও প্রায় ২৫টি হাতির একটি দল, শাবকসহ, জাতীয় সড়কের ধারে আশ্রয় নেয়। হঠাৎই দলের দুই দাঁতাল হাতি নিজেদের আধিপত্য নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় প্রচণ্ড গর্জন ও ধস্তাধস্তি। মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা ও পর্যটকরা। কেউ কেউ প্রাণভয়ে দূরে সরে যান, আবার অনেকে সেই দৃশ্য মোবাইলে ধারণ করতে শুরু করেন।
খবর পেয়ে প্রায় এক ঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছায় ডায়না রেঞ্জের বনকর্মীরা। তাঁরা দ্রুত নিরাপত্তা বলয় তৈরি করে এলাকাটি ঘিরে ফেলেন এবং যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখেন। পরে বনকর্মীদের তৎপরতায় হাতির দলটিকে নিরাপদে জঙ্গলের গভীরে ফিরিয়ে দেওয়া হয়।
বনদপ্তর সূত্রে জানা গেছে, টানা বর্ষায় জলমগ্ন বনাঞ্চল থেকে হাতিরা এখন প্রায়ই মানুষের বসতিপ্রান্তে চলে আসছে। বনকর্মীদের মতে, “প্রকৃতির ভারসাম্য রক্ষায় এমন পরিস্থিতিতে মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান ও সচেতনতা অত্যন্ত জরুরি।”








