কুলতলির এক তৃণমূল সদস্যের উপর দুষ্কৃতী হামলা
নতুন পয়গাম, হাসান লস্কর ও উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে কুলতলি থানার পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার বারুইপুর আদালতে তোলা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, কুলতলি বিধানসভার চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল সদস্য অনন্ত সাপুইয়ের উপর বুধবার সন্ধ্যায় হামলা হয়। অভিযোগ, ঘটিহারানিয়া বাজারে নিজের দোকান থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী তাকে ঘিরে এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপায়। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে জয়নগর-কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে এবং অবস্থার স্থিতিশীল বলে জানা গেছে।
ঘটনার পেছনে রং খেলা নিয়ে অশান্তির সূত্র রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তৃণমূলের তরফে হামলার জন্য বিজেপি সমর্থিত দুষ্কৃতীদের দায়ী করা হয়েছে। তবে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক জড়িত থাকতে পারে, একে বিজেপির উপর চাপানো ঠিক নয়।”পুলিশ এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হল বিশ্বজিৎ হালদার, জন্মেজয় হালদার, নীলকুমার নস্কর ও সনাতন নস্কর। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ।








