টানা বর্ষণে সামশেরগঞ্জে ফের গঙ্গা ভাঙনের আতঙ্ক
নিজস্ব প্রতিবেদন, নতুন পয়গাম, সামশেরগঞ্জ:
টানা বৃষ্টিতে ফের গঙ্গা ভাঙনের আতঙ্ক ছড়াল সামশেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রামে। শনিবার সকালে একটানা বৃষ্টির জেরে গঙ্গার তীরবর্তী এলাকার প্রায় পঞ্চাশ মিটার জমি গঙ্গার গর্ভে তলিয়ে যায়। মুহূর্তের মধ্যেই নতুন করে ভাঙনের আশঙ্কায় ভীত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ার সময় থেকেই উত্তর ও মধ্য চাচন্ড গ্রামে ধীরে ধীরে ভাঙন শুরু হয়েছিল। ইতিমধ্যেই নদীর গ্রাসে হারিয়ে গেছে বেশ কয়েকটি বাড়িঘর ও চাষযোগ্য জমি। প্রশাসনের তরফে যদিও এলাকায় নজরদারি চালানো হচ্ছে, তবুও আতঙ্কে দিন কাটাচ্ছেন গঙ্গাতীরবর্তী মানুষজন।
শারদীয় দুর্গোৎসবের দিনগুলোও ভাঙনের ভয় নিয়েই কেটেছে এলাকাবাসীর। অনেকেই বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন কাছাকাছি স্কুলে। উৎসবের আনন্দ যেন হারিয়ে গিয়েছিল উদ্বেগের ছায়ায়। একাদশীতে প্রতিমা বিসর্জনের মধ্যেই কিছু মানুষ নদীর ধারে দাঁড়িয়ে চোখের জলে দেখেছেন নিজেদের ভিটেমাটি গঙ্গার গর্ভে তলিয়ে যেতে।
এরই মাঝে শনিবার সকালে ফের বৃষ্টি শুরু হতেই নদীর গতি বেড়েছে, আর সঙ্গে সঙ্গে ভাঙনের আশঙ্কা আরও প্রবল হয়েছে। উত্তর ও মধ্য চাচন্ড গ্রামে নদীতীরবর্তী অংশে দেখা যাচ্ছে ফাটল, যা থেকে স্পষ্ট— বিপদ এখনও পুরোপুরি কেটে যায়নি।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, “আমরা প্রতিদিন ভয় নিয়ে দিন কাটাচ্ছি। কখন যে নদী আমাদের ঘরবাড়ি টেনে নেবে, বলা যায় না।”
এলাকায় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে, তবে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবিও তুলেছেন গ্রামবাসীরা।








