মধ্যরাতে অসমে রেললাইনে বিস্ফোরণ
নতুন পয়গাম, গুয়াহাটি:
অসমের কোকরাঝাড় ও সালাকাঠি স্টেশনের মধ্যে রেললাইনে বিস্ফোরণ ঘটল। উড়ে গেল প্রায় তিন ফুট রেললাইন। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে সেটি কয়েক মিটার দূরে গিয়ে পড়ে।
প্রাথমিক তদন্তে অনুমান, এটা আইইডি বিস্ফোরণ। যার জেরে বৃহস্পতিবার সকালে বিপর্যস্ত হয় রেল পরিষেবা। এর ব্যাপক প্রভাব পড়েছে নিম্ন অসম ও উত্তরবঙ্গে। জানা গিয়েছে, বুধবার মধ্যরাতে কোকরাঝাড় ও সালাকাঠি স্টেশনের মধ্যে এই বিস্ফোরণ হয়। যদিও ট্রেন লাইনচ্যুত হওয়ার মতো বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, ‘বিস্ফোরণে রেললাইনের খুব সামান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে সেটি দ্রততার সঙ্গে মেরামত করে ফেলা সম্ভব হয়েছে। বর্তমানে ওই ট্রেন স্বাভাবিকভাবেই চলাচল করছে।’

এদিকে, বিস্ফোরণে রেললাইনের একাংশ উড়ে যাওয়ার বিষয়টি নজরে আসার পরে নিরাপত্তার কারণে ওই লাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। যার প্রভাব ছিল বৃহস্পতিবার সকাল প্রায় ৯টা পর্যন্ত। নিম্ন অসম এবং উত্তরবঙ্গে আপ ও ডাউন উভয় লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে থাকে। সেই সময়ে গোটা রেললাইনে তল্লাশি চালান নিরাপত্তাকর্মীরা। তারপর পুনরায় ট্রেন চলাচল শুরুর অনুমতি দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।









