হুগলি জেলার সবকটি বিধানসভা নির্বাচনে ঘরের জন্য ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষা করা হল
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী হুগলি জেলার সবকটি বিধানসভায় যে সকল ইভিএম এবং ভিভিপ্যাট ব্যবহার করা হবে সেগুলিকে প্রথম পর্যায়ে রান্ডোমাইজেশন বা মিলমিশকরণ করা হল হুগলি জেলা শাসকের নতুন প্রশাসনিক ভবনে অবস্থিত সর্বশিক্ষা সভাকক্ষে। জেলা নির্বাচনী আধিকারিক এর তরফে এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, নির্বাচন কমিশন নির্দেশিত ইভিএম ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রথম পর্যায়ে যে সকল ইভিএম এবং ভিভিপ্যাটগুলি যাচাই করণে উত্তীর্ণ হয়েছে সেই মেশিনগুলিকেই রান্ডোমাইজেশন করা হয়। এগুলি জেলার মোট ১৮ টি বিধানসভায় বিতরণ করা হবে বলে জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানানো হয়েছে।
রান্ডোমাইজেশনের সামগ্রিক প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন বহুজন সমাজবাদী পার্টি, ভারতীয় জনতা পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), ভারতীয় জাতীয় কংগ্রেস, ন্যাশনাল পার্টি, সারা ভারত ফরোয়ার্ড ব্লক এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইতিমধ্যে প্রত্যেকটি বিধানসভায় আলাদা করে ইভিএম এবং ভিভিপ্যাটের তালিকা রাজনৈতিক দলগুলির কাছে পাঠানো হয়েছে। নির্বাচন পরিচালনার কাজে ব্যবহারের জন্য এই মেশিনগুলি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসারদের কাছে যথাসময়ে হস্তান্তর করা হবে এবং স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের উপস্থিতিতে মেশিনগুলি সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুমে সংরক্ষিত রাখা হবে বলে জানা গেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা চূড়ান্ত হবার পর প্রথম পর্যায়ে রান্ডোমাইজকৃত ইভিএম এবং ভিভিপ্যাট এর তালিকা সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথেও শেয়ার করা হবে জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানানো হয়েছে।








