মশার হাত থেকে বাঁচতে গিয়ে আগুনে ছাই পুরো ঘর
তৌসিফ আহমেদ, নতুন পয়গাম, বাঁকুড়া:
বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতের কাচ্ছালা গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। মশার হাত থেকে বাঁচতে গিয়ে মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেল এক দম্পতির ঘরবাড়ি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা আসিস দণ্ডপাত ও নীলা দণ্ডপাত দম্পতির একটি মাটির বাড়ি ছিল, যার ছাউনি টালি ও টিনের তৈরি। একই বাড়ির এক ঘরে তাঁরা থাকতেন, আর পাশের ঘরটি গরুর জন্য ব্যবহার করতেন। গরু থাকার কারণে মশার উৎপাত প্রবল হওয়ায় প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা ঘরে ধোঁয়া দেন মশা তাড়ানোর উদ্দেশ্যে। কিন্তু বাড়িতে খড় থাকার কারণে সেই ধোঁয়া থেকেই আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই পুরো ঘর জুড়ে।
দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করলে চিৎকার চেঁচামেচি শুরু হয়। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ঘরের কিছু জিনিসপত্র বার করানোর উদ্যোগ নেন। পরে খবর যায় বেলিয়াতোড় থানায় ও দমকল বিভাগে। খবর পেয়ে বড়জোড়া থেকে একটি দমকলের ইঞ্জিন ও বেলিয়াতোড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।
প্রায় তিন ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুন দমকল কর্মী ও গ্রামবাসীদের প্রয়াসে অবশেষে প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুরো ঘর ও ঘরের অধিকাংশ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
বাড়ির মালিক নীলা দণ্ডপাত জানান, “এই বাড়িটাই ছিল আমাদের একমাত্র থাকার জায়গা। সবকিছুই পুড়ে ছাই হয়ে গেল। এখন আমরা কোথায় যাব, কীভাবে থাকব— কিছুই বুঝতে পারছি না।”
তিনি সরকারের কাছে আবেদন করেছেন, “যদি আবাস যোজনার অধীনে একটি বাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে আমাদের মাথা গোঁজার ঠাঁই হবে।”







