নাম বাদ পড়লেও চিন্তার কিছু নেই করণীয় জানাল নির্বাচন কমিশন
নতুন পয়গাম, কলকাতা:
খসড়া ভোটার তালিকা প্রকাশ ঘিরে রাজ্য জুড়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকের মনেই প্রশ্ন তালিকায় নাম থাকবে তো? আর যদি নাম না থাকে, তা হলে কী করতে হবে? এই সমস্ত প্রশ্নের স্পষ্ট উত্তর দিল নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত জানিয়ে দিয়েছেন, খসড়া তালিকায় নাম না থাকলেও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তাঁর কথায়, যাঁরা প্রকৃত বাসিন্দা এবং যাঁদের কাছে প্রয়োজনীয় নথি রয়েছে, তাঁদের নাম পুনরায় তালিকাভুক্ত করার সম্পূর্ণ সুযোগ থাকবে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, খসড়া তালিকায় নাম না মিললে অনলাইনে বা অফলাইনে ফর্ম -৬ জমা দেওয়া যাবে। আবেদন জমা পড়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে শুনানির জন্য ডাকা হবে। সেই শুনানিতে পরিচয় ও বাসস্থানের বৈধ নথি দেখাতে পারলেই দ্রুত নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
সুব্রত গুপ্ত বলেন, স্বল্প সময়ের মধ্যে বড় কাজ হওয়ায় কিছুটা চাপ থাকলেও তা কাজের মানে প্রভাব ফেলেনি। রাজ্য জুড়ে বুথ স্তরে বাড়ি-বাড়ি যাচাই করে কাজ করা হয়েছে। কমিশনের লক্ষ্য একটাই একজনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, আবার অযোগ্য কোনও নামও যেন তালিকায় না থাকে।
তিনি আরও জানান, খসড়া তালিকা প্রকাশের পর নির্দিষ্ট সময় ধরে তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এই সময়ের মধ্যেই আপত্তি, সংশোধন কিংবা সংযোজনের আবেদন করা যাবে। সমস্ত আবেদন নিষ্পত্তির পরই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের তরফে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে, গুজবে কান না দিয়ে নির্ধারিত নিয়ম মেনে আবেদন করতে। প্রয়োজনে স্থানীয় বিএলও বা নির্বাচন দফতরের সঙ্গে যোগাযোগ করার কথাও বলা হয়েছে। কমিশনের আশ্বাস, স্বচ্ছ ও ন্যায্য ভোটার তালিকা তৈরিই তাদের একমাত্র লক্ষ্য।








