প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে হুগলি জেলায় সুষ্ঠুভাবে পালিত হল ঈদের নামাজ
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ দীর্ঘ এক মাস রমজান পালনের পর প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই নির্বিঘ্নে ঈদের নামাজ সম্পন্ন হল। শনিবার চুঁচুড়া অঞ্চলে সকাল থেকেই বসন্তের আকাশ কালো মেঘে ঢাকা ছিল। তারই মাঝে ঝিরঝিরে বৃষ্টি। এরকম প্রতিকূলতার মধ্যেই অনুষ্ঠিত হলো পবিত্র ঈদের নামাজ। ঈদের আগের দিন শুক্রবার বিকেল থেকেই ঝড়ো হাওয়া আর বৃষ্টির মধ্যে চাঁদ রাত পালিত হওয়ার পর জেলার বিভিন্ন ঈদগাহে আপামর মুসলিম ধর্মাবলম্বী মানুষ। নামাজ শেষে পরস্পরের মধ্যে চলে কোলাকুলি।
চুঁচুড়ার কারবালা ঈদগাহে একটি বড় নামাজের জমায়েত হয়। সেখানে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, অমিত রায়, হুগলি জিলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, প্রমুখ। দ্বিতীয় বড় নামাজ অনুষ্ঠিত হয় পান্ডুয়ায়। এখানে উপস্থিত হয়ে ঈদের নামাজে অংশগ্রহণ করেন হুগলির জেলা শাসক খুরশিদ আলি কাদরি, উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, পান্ডব বিধানসভায় মনোনীত তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। তাই উৎসবের এই দিনটিকে কাজে লাগানোর জন্য পথে নেমে পড়েন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। শহরের বিভিন্ন নামাজ পাঠের আসরে তিনি উপস্থিত হন ও শুভেচ্ছা বিনিময় করেন।








