রাজারহাটে প্রজাতন্ত্র দিবসে এডুকেশনাল সেমিনার ও গুণীজন সংবর্ধনা
নতুন পয়গাম, মনিরুল ইসলাম তপন, রাজারহাট: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজারহাটের খড়িবাড়িতে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল এডুকেশনাল সেমিনার ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতী ও গুণীজনদের অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়। শিশুদের অঙ্কন, কুইজ ও আবৃত্তি প্রতিযোগিতারও আয়োজন করা হয়। বিশিষ্ট মোটিভেশনাল বক্তা আবেদীন হক আদি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আগামী দিনের লক্ষ্য নির্ধারণ, সঠিক পথ নির্বাচন ও আত্মবিশ্বাস ধরে রাখার বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজারহাট থানার আইসি জোনাকি বাগচী, আল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান জাবিদ আলি, চিকিৎসক ডা. কবির আহমেদ, আইপিএলের নেট বোলার তরুণ ক্রিকেটার জিন্না মন্ডল, খাজা বাবা জুয়েলার্সের কর্ণধার নজরুল ইসলাম প্রমুখ। গরীবের বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে এমন মহতী উদ্যোগ এ বছর চতুর্থ বছরে পদার্পণ করল। শিক্ষা ও সমাজসেবায় এই ধরনের কর্মসূচি আগামীদিনেও জারি থাকবে বলে ফাউন্ডেশনের তরফে জানানো হয়।








