উন্নয়ন বনাম প্রতিশ্রুতি– উত্তরবঙ্গে অভিষেকের জনসভায় রাজনৈতিক বার্তা
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়িঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী নির্মল বাবুর প্রচারে ধূপগুড়িতে জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ঠাকুরপাট ফনীরমাঠ এলাকায় আয়োজিত এক নির্বাচনী সভা থেকে তিনি ধূপগুড়ি পুরসভা ভোটের ইঙ্গিত দেন এবং স্থানীয় মানুষকে তৃণমূল প্রার্থী নির্মল দার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, “আগামী ছয় মাসে যদি নির্মল দাকে না পান বা ধূপগুড়ির উন্নয়ন না হয়, তাহলে পুরসভা ভোটে পরিবর্তন আনতে পারবেন।” তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেস কথার থেকে কাজেই বিশ্বাসী এবং পূর্বের প্রতিশ্রুতিগুলির অধিকাংশই বাস্তবায়িত হয়েছে।
তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৩ সালের ২ সেপ্টেম্বর এই মাঠ থেকেই দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে। তাঁর কথায়, বিজেপির শাসনামলের প্রথম আড়াই বছর এবং পরবর্তী সময়ে তৃণমূলের কাজের তুলনা করলেই মানুষ পার্থক্য বুঝতে পারবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ধূপগুড়িকে সাব-ডিভিশন করা হয়েছে, হাসপাতালের পরিকাঠামো উন্নত হয়েছে এবং শয্যা সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে-র উদ্যোগে সাব-ডিভিশনাল হাসপাতালে নতুন পাঁচতলা ভবনের উদ্বোধন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি কৃষিনির্ভর এই এলাকায় কিষান মান্ডি, বানারহাটে দমকল কেন্দ্র এবং হিন্দি কলেজ গড়ে তোলার কথাও তুলে ধরেন তিনি। বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, “গত দু’বছরে বিজেপি কোনও উন্নয়নমূলক কাজ করতে পারেনি।” নোটবন্দি, গ্যাসের দাম বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি নীতির সমালোচনা করেন তিনি।
তিনি আরও বলেন, তৃণমূল সরকার গরিব মানুষের জন্য লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী এবং গ্রামীণ সড়ক প্রকল্পের মতো একাধিক প্রকল্প চালু করেছে। এই প্রসঙ্গে তিনি দাবি করেন, কেন্দ্রীয় সরকারের কোনও আর্থিক অবদান নেই। সভা থেকে তৃণমূলের নির্বাচনী ইস্তাহারের ১০টি প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন অভিষেক। এর মধ্যে উল্লেখযোগ্য– লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু রাখা, বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ, দুয়ারে স্বাস্থ্য পরিষেবা, গরিবদের জন্য পাকা বাড়ি এবং বয়স্কদের ভাতা প্রদান। শেষে তিনি বলেন, “২৩ তারিখ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বিজেপিকে জবাব দিতে হবে।” ধূপগুড়ির মানুষ কোন রাজনৈতিক শক্তির পাশে থাকবে, সেই সিদ্ধান্তই এবার নির্বাচনের ফল নির্ধারণ করবে বলে তিনি মন্তব্য করেন।








