ময়নাগুড়ির চা বাগান থেকে প্রেমিক যুগলের মৃতদেহ উদ্ধার!
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, জলপাইগুড়ি: ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ নং অঞ্চলের অঞ্চলের দ্বারিকামারী কণারবাড়ি এলাকায় এক যুগলের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে স্থানীয় একটি চা বাগান থেকে এই মৃতদেহ দুটি উদ্ধার হওয়ায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে চা বাগানের নির্জন প্রান্তে এক পুরুষ ও এক নারীর দেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম প্রভাত অধিকারী ও প্রতিমা রায়। দু’জনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়। এই সম্পর্ককে কেন্দ্র করে অতীতেও নানা জটিলতা তৈরি হয়েছিল। প্রায় ছয় মাস আগে তাঁরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান বলে অভিযোগ ওঠে এবং সে সময় থানায় একটি মামলাও দায়ের করা হয়। পরবর্তীতে তাঁরা বাড়িতে ফিরলেও সম্পর্কজনিত কারণে ফের এলাকা ছাড়েন বলে স্থানীয়দের দাবি। রবিবার তাঁদের ফের বাড়ি ফেরার কথা ছিল। তবে শেষ পর্যন্ত বাড়ি না পৌঁছে পাশের চা বাগান থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।







