রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, ১০ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তার
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়ি:
ধূপগুড়ি শহরে ফের দুঃসাহসিক চুরির ঘটনা। মঙ্গলবার গভীর রাতে ধূপগুড়ির ঝুমুর এলাকার কৃষি অফিসের পাশে অবস্থিত একটি গালামালের দোকানে চুরি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষি অফিসের ঠিক উল্টোদিকে মহম্মদ শাহজাহানের দোকান। প্রতিদিনের মতো বুধবার সকালে দোকান খুলতে এসে বিপাকে পড়েন তিনি। দেখা যায়, ক্যাশবাক্স খোলা এবং তাতে থাকা ৩৫ হাজার টাকা উধাও। পরে দোকান পরিদর্শন করে দেখা যায় টিনের চাল কেটে দোকানে প্রবেশ করেছে চোর।
এবিষয়ে মহম্মদ শাহজাহান বলেন, চোর শুধুমাত্র ক্যাশবাক্সে থাকা টাকা নিয়ে গেছে। দোকানের অন্য কোনও জিনিসপত্র হাত দেয়নি।” এলাকায় এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। সেই কারণে বাড়তি পুলিশ টহলের দাবি জানানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে তদন্তে নেমে দ্রুত তল্লাশি শুরু করে ধূপগুড়ি থানার পুলিশ। টানা অভিযান চালিয়ে প্রায় ১০ ঘণ্টার মধ্যেই চুরির ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।








