সাইবার ক্রাইম: শীর্ষে ডাবল ইঞ্জিন রাজ্যগুলোই, গুজরাতে অপরাধ বৃদ্ধির হার ৮২৪ শতাংশ, ৭ম স্থানে বাংলা
নতুন পয়গাম, মুম্বই:
সাইবার ক্রাইম বা অন্তর্জাল অপরাধের শীর্ষে রয়েছে বিজেপি শাসিত দুই ডাবল ইঞ্জিন রাজ্য মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ। সব রকমের সাইবার প্রতারণা বা সাইবার জালিয়াতির ঘটনা এই দুই রাজ্যে বেড়েছে ব্যাপক মাত্রায়। সেখানে বসেই সাইবার অপরাধীরা দেদার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরিসংখ্যানেই। একইভাবে বিজেপি শাসিত গুজরাত এবং ওড়িশায় সাইবার অপরাধের সংখ্যাও ক্রমেই বাড়ছে। এসব রাজ্যে ঢাকঢোল পিটিয়ে সাইবার অপরাধের বিরুদ্ধে প্রচার করা হলেও আদৌ তা কার্যকর করা হচ্ছে কি না, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সারা দেশেই সাইবার অপরাধ দ্রুত বাড়ছে। প্রতারকদের ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন সাধারণ মানুষ। সাইবার জালিয়াতি রুখতে কেন্দ্র সরকার নানান পদক্ষেপ করলেও এসব চক্রের জাল একের পর এক রাজ্যে ছড়িয়ে পড়ছে। কোনভাবেই লাগাম দেওয়া সম্ভব হচ্ছে না। অপরাধীদের গ্রেফতার করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে পুলিশকে। ফলে অনেক ক্ষেত্রে মাঝপথেই হাত তুলে নিচ্ছে তদন্তকারী সংস্থাগুলো।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য বলছে, চলতি বছর জুন পর্যন্ত মহারাষ্ট্রে ১ লক্ষ ৬০ হাজার সাইবার ক্রাইম কেস নথিভুক্ত হয়েছে। তারপরেই রয়েছে উত্তরপ্রদেশ, ১ লক্ষ ৪৮ হাজারেরও বেশি কেস রয়েছে যোগীর রাজ্যে। সাইবার ক্রাইম মূলত এই দুই রাজ্য থেকেই গোপন কম্ম করে চলেছে। পাশাপাশি গুজরাত, কর্ণাটক ও ওড়িশায় সাইবার অপরাধের ঘটনা বৃদ্ধি পাওয়ায় গোয়েন্দাদের কপালে ভাঁজ চওড়া হচ্ছে। গুজরাতে এই অপরাধের সংখ্যা বৃদ্ধির হার ৮২৪ শতাংশ। ওড়িশা ও কর্ণাটকে এই হার যথাক্রমে ৭৮৩ ও ৭৬৩ শতাংশ। চলতি বছর জুন পর্যন্ত গুজরাতে সাইবার জালিয়াতির অভিযোগ জমা পড়েছে ৮৮ হাজার। কর্ণাটক ও ওড়িশায় অভিযোগের সংখ্যা যথাক্রমে ১ লক্ষ ২ হাজার ও ২৮ হাজার। সেখানে পশ্চিমবঙ্গে চলতি বছরের প্রথম ৬ মাসে সাইবার ক্রাইম সংক্রান্ত ৭৭ হাজার অভিযোগ জমা পড়েছে। তবে সপ্তম স্থানে থাকা বাংলায় সাইবার জালিয়াতির কিনারা হয়েছে সবচেয়ে বেশি।








