প্রান্তিক কিন্নর সমাজের অবহেলিত জীবনের কথা, অন্তরালে’র প্রদর্শনীতে ভিড় উপচে পড়ল নন্দনে
নতুন পয়গাম, আব্দুল গফফার, কলকাতাঃ মঙ্গলবার কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল কিন্নর সমাজের প্রান্তিক ও অবহেলিত মানুষদের জীবনকাহিনী অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্যের ছবি অন্তরালে-এর বিশেষ প্রদর্শনী। পরিচালক সৈকত দাসের এই ছবিটি ইতিমধ্যে নব্বইটিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে বহু পুরস্কার ও প্রশংসা কুড়িয়েছে।
জানা গেছে, এই ছবিটির বিশেষ প্রদর্শনীটি ছিল ইন্ডিয়া প্রিমিয়ার, যেখানে চলচ্চিত্রজগত সহ সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে নন্দনের প্রেক্ষাগৃহে ছিল উপচে পড়া ভিড় এবং এক আলাদা উৎসবমুখর আবহ।
প্রসঙ্গত, এর আগে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর মুম্বাইয়ে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দর্শকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া মেলে।পরিচালনার পাশাপাশি ছবির কাহিনী, চিত্রনাট্য, সম্পাদনা এবং মুখ্য চরিত্রে অভিনয়ের দায়িত্বও নিজেই সামলেছেন সৈকত দাস। তাঁর এই বহুমুখী কাজ ইতিমধ্যে প্রশংসিত হয়েছে এবং এই ছবির জন্য প্রায় ত্রিশটিরও বেশি সেরা অভিনেতার পুরস্কার তাঁর ঝুলিতে এসেছে। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় নজরকাড়া অভিনয় করেছেন সুমন নায়ক, শুভম দাস এবং অমিত বসু। সমাজের এক প্রান্তিক ও অবহেলিত সম্প্রদায় কিন্নরদের জীবনসংগ্রাম, বঞ্চনা এবং তাদের এক মর্মান্তিক পরিণতির কাহিনী অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরা হয়েছে এই ছবিতে। নির্মাতার এই প্রয়াস শুধু একটি গল্প বলার মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং সমাজের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তাও পৌঁছে দিতে পেরেছে।
উল্লেখ্য, আগামী আজ ২৭ মার্চ মুক্তি পেতে চলেছে অন্তরালে। ছবিটি মুক্তির অপেক্ষাকে ঘিরে দর্শকমহলে ইতিমধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।








