প্রার্থী ঘোষণা হতেই প্রচারে সিপিআইএম প্রার্থী নিরঞ্জন রায়
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়িঃ প্রার্থী ঘোষণার পরই ভোট প্রচারে নেমে পড়লেন ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নিরঞ্জন রায়। সোমবার সিপিআইএম রাজ্য কমিটির তরফে আনুষ্ঠানিকভাবে বিধানসভা নির্বাচনের প্রার্থীদের একটি অংশের নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম রয়েছে নিরঞ্জন রায়ের। ধূপগুড়ি গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নিরঞ্জন রায় পেশায় একজন লাইব্রেরিয়ান। প্রার্থী ঘোষণার পরই সোমবার সন্ধ্যায় তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ধূপগুড়ির বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়ে পড়েন।
এদিন দোকানে দোকানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন সিপিআইএম প্রার্থী। পাশাপাশি আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়ী করার জন্য এলাকাবাসীর কাছে আবেদন জানান তিনি। সিপিআইএম প্রার্থী নিরঞ্জন রায়ের দাবি, প্রচারের প্রথম দিনেই সাধারণ মানুষের কাছ থেকে ভালো সাড়া মিলছে। মানুষের সমর্থন নিয়েই তিনি নির্বাচনে লড়াই করছেন এবং জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।








