তারাপুর সেন্ট্রাল বিড়ি শ্রমিক হাসপাতালে CITU-এর ডেপুটেশন
নতুন পয়গাম, জঙ্গিপুর: তারাপুর সেন্ট্রাল বিড়ি শ্রমিক হাসপাতালে আট দফা দাবি-দাওয়া তুলে ধরে ডেপুটেশন দিল সিআইটিইউ (CITU)। বৃহস্পতিবার দুপুরে সংগঠনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেয়। ডেপুটেশনে ইউনিয়নের পক্ষ থেকে দাবি জানানো হয়, তারাপুর সেন্ট্রাল বিড়ি শ্রমিক হাসপাতালের ডিসপেন্সারিতে অবিলম্বে পূর্ণাঙ্গ চিকিৎসা পরিষেবা চালু করতে হবে। পাশাপাশি বিড়ি শ্রমিকদের স্বার্থে ওয়েলফেয়ার সংক্রান্ত সমস্ত সুযোগ-সুবিধা কার্যকর করা এবং প্রতিটি বিড়ি শ্রমিককে ডিজিটাল কার্ড প্রদান করার দাবি তোলা হয়।
এছাড়াও মুর্শিদাবাদের তারাপুর ও নিমতিতা এবং পুরুলিয়ার ঝালদা বিড়ি শ্রমিক হাসপাতালগুলিতে পূর্ণাঙ্গ ডিসপেন্সারি চালুর দাবি জানানো হয়। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ল্যাব, ইউএসজি, এক্স-রে ও ইসিজি পরিষেবা অবিলম্বে চালু করা, পর্যাপ্ত সংখ্যক ডাক্তার ও নার্স নিয়োগ এবং রোগীদের জন্য জীবনদায়ী ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। ডেপুটেশনে আরও দাবি করা হয়, সমস্ত ইএসআই শ্রমিককে প্রকল্পের আওতায় আনতে হবে এবং প্রতিটি বিড়ি শ্রমিক পরিবারকে গৃহ নির্মাণের জন্য নির্ধারিত অর্থ প্রদান করতে হবে। পাশাপাশি ২০০৭ ও ২০১৬ সালে অনুমোদিত গৃহ নির্মাণ প্রকল্পের বকেয়া অর্থ দ্রুত পরিশোধের দাবিও জানানো হয়। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা বিড়ি মজদুর এন্ড ইউনিয়নের নেতৃবৃন্দ মোহাম্মদ আজাদ, মোজাফফর হোসেন ও মনিরুদ্দিন আহমেদ। ডেপুটেশন গ্রহণ করে হাসপাতালের ডিডব্লিউসি আধিকারিক জানান, উত্থাপিত দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে।







