হাওড়া গ্রামীণ জেলা পুলিশের বিশেষ উদ্যোগে শিশু দিবস
অতসী মন্ডল, নতুন পয়গাম, হাওড়া:
হাওড়া (গ্রামীণ) জেলা পুলিশের উদ্যোগে আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হল শিশু দিবস। বিভিন্ন থানার উদ্যোগে এবং একাধিক এনজিওর সহযোগিতায় এলাকার বিভিন্ন বিদ্যালয়ে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় উপহার। শুধু উপহার নয়, শিশুদের নিরাপত্তা ও সচেতনতা নিয়েও অনুষ্ঠিত হয় একাধিক তথ্যভিত্তিক সেশন।
এদিন পুলিশ কর্মীরা শিশুদের সড়ক নিরাপত্তার মৌলিক নিয়ম, রাস্তা পারাপারের সঠিক পদ্ধতি, বাল্যবিবাহ রোধ, সাইবার অপরাধের ঝুঁকি এবং প্রতিরোধের উপায় নিয়ে সহজ ভাষায় আলোচনা করেন। তাদের লক্ষ্য ছিল—শিশুরা যেন ছোট থেকেই সঠিক পথের দিশা পায় এবং নিরাপদ সমাজ গড়ার সহযোদ্ধা হয়ে ওঠে।
পেঁড়ো থানার উদ্যোগে আয়োজিত হয় আনন্দমুখর কুইজ প্রতিযোগিতা, যেখানে পড়ুয়ারা উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণ করে। অন্যদিকে আমতা ও উদয়নারায়ণপুর থানার উদ্যোগে অনুষ্ঠিত হয় “সিট অ্যান্ড ড্র” প্রতিযোগিতা। শিশুদের রঙ-তুলিতে ফুটে ওঠে নানা রঙের স্বপ্ন, উৎসবের আনন্দও আরও বেড়ে ওঠে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও চকোলেট। সারাদিন জুড়ে পুলিশের স্নেহ, শিশুদের হাসি এবং বিদ্যালয় প্রাঙ্গণের উৎসবের আবহ—সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে স্মরণীয়।







