বিদেশ সফরে মুখ্য নির্বাচন কমিশনার অগত্যা পিছিয়ে গেল সংসদীয় কমিটির বৈঠক
নতুন পয়গাম, নয়াদিল্লি:
এসআইআর নিয়ে দেশজোড়া বিতর্কের জেরে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সংসদীয় কমিটিতে ডাকার কথা ছিল। বৃহস্পতিবার ডাকা হয়েছিল তাঁকে। কিন্তু জ্ঞানেশ কুমার এখন রয়েছেন সুইডেনে। তাই আপাতত পিছিয়ে দেওয়া হল সেই নির্ধারিত বৈঠক। ১০ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে তাঁকে সংসদীয় কমিটিতে ডাকা হয়েছে। সেদিনই এসআইআর বিতর্ক নিয়ে বৈঠক হবে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, One Nation One Election বা ‘এক দেশ এক নির্বাচন’ সংক্রান্ত সংবিধান সংশোধন বিলের যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তাকে ও কমিশনের ফুল বেঞ্চকে হাজির হতে হবে।
বিরোধী শিবিরের অনুমান, তোপের মুখে পড়ার ভয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পরবর্তী বৈঠক এড়াতে পারেন। পরিবর্তে কমিশনের তরফে অন্য কোনো প্রতিনিধি বা সহকারী কমিশনারকে পাঠানো হতে পারে। উল্লেখ্য, ১০ তারিখের বৈঠকের মূল আলোচ্য বিষয় ‘এক দেশ এক নির্বাচন’ হলেও বিরোধীরা যে আসামকে বাদ দিয়ে বিহার-সহ ১৩ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এবং রাজ্যে রাজ্যে ভোট চুরির প্রসঙ্গ তুলবে, তা বলাই বাহুল্য। এরই মধ্যে জ্ঞানেশ কুমারকে পদচ্যূত করতে ইমপিচমেন্ট মোশন আনারও ভাবনাচিন্তা শুরু হয়েছে বিরোধী শিবিরে। এই মোশন কীভাবে আনা হবে, তা গৃহীত হলে বিরোধীদের যথেষ্ট সংখ্যা আছে কি না, তারই হিসেব নিকেশ বা হোমওয়ার্ক এখন চলছে।
যতদূর জানা গিয়েছে, মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের শিবসেনা এই মোশন আনার উদ্যোগ নিয়েছে। তবে এ ব্যাপারে কংগ্রেসের অবস্থান এখনও ঠিকঠাক জানা যায়নি। গত আগস্ট মাসেও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনার পরিকল্পনা করেছিল বিরোধীরা। তার জন্য একদফা প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে সেবার বাদল অধিবেশন শেষ হতে মাত্র দু’দিন বাকি থাকায় তা আর তখনকার মতো হয়ে ওঠেনি। তাই এবার চলতি শীতকালীন অধিবেশনে করা যায় কিনা, সে ব্যাপারে ভাবনাচিন্তা চলছে। যদিও এই অধিবেশনও সংক্ষিপ্ত। ১৯ ডিসেম্বর শেষ হবে শীতকালীন অধিবেশন। মাঝে শনি ও রবিবার ছুটি থাকবে পার্লামেন্ট। তাই এবারেও ইমপিচমেন্ট মোশন নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।








