তৃণমূলের প্রার্থীকে নিয়ে প্রচারের ঝড় জামালপুরে
নতুন পয়গাম, এবাদত ইসলাম: পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভূতনাথ মালিক কে নিয়ে প্রচার তুঙ্গে। আজ সকালে ব্লক সভাপতি মেহেমুদ খাঁন ভূতনাথ মালিককে নিয়ে কর্মীবৈঠক করতে হাজির হন জারগ্রাম অঞ্চলে। সেখানে একটি ষ্টোরে কর্মীদের সাথে মিলিত হন তাঁরা। উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি শেখ আলাউদ্দিন, প্রধান নূরজাহান বিবি, জেলা পরিষদের সদস্য শোভা দে সহ অন্যান্যরা। ঘরের ছেলেকে প্রার্থী হিসাবে পেয়ে আপ্লুত কর্মী সমর্থকেরা। সাড়ম্বরে প্রার্থীকে বরণ করে নেন তাঁরা। ব্লক সভাপতি সকল পুরানো দিনের কর্মীদের ডেকে নেন আজকের এই কর্মী বৈঠকে। মেহেমুদ খাঁন বলেন দল থাকলে তবে তাঁদের অস্তিত্ব থাকবে। বহু দিন পর জামালপুর ভূমি পুত্র প্রার্থী পাওয়া গেছে। দল এখানকার মানুষের আবেগ বুঝেই ভূতনাথ মালিককে প্রার্থী করেছে। তাই এখন ঘরে বসে থাকলে হবে না। সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রতিটি বুথে বুথে প্রচার করতে হবে।
সরকারের একাধিক প্রকল্পের সুফল মানুষের কাছে তুলে ধরে ভোট চাইতে হবে। তিনি বলেন জামালপুরে প্রচুর উন্নয়ন হয়েছে। জামলপুর থেকে ভূতনাথ মালিক যে জিতবেন সে বিষয়ে তিনি নিশ্চিত। প্রার্থী ভূতনাথ মালিক বলেন তিনি এই বিধানসভার পরিচিত মানুষ। প্রতিটি অঞ্চলই তাঁর চেনা। তাই চেনা মানুষদের কাছে তাঁর প্রত্যাশা বেশি। তিনি নিশ্চিত জামালপুরের মানুষ দুহাত ভরে তাঁকে আশীর্বাদ করবেন। পরে বিকালে তাঁরা চকদিঘী অঞ্চল ও জামালপুর ২ অঞ্চলে কর্মীদের নিয়ে বৈঠক করেন তাঁরা। এখানে উপস্থিত ছিলেন দুই অঞ্চল সভাপতি আজাদ রহমান ও মিঠু পাল, দুই প্রধান অসীমা বাগ ও মিঠু পাল, দিব্যেন্দু চ্যাটার্জী সহ অন্যান্যরা। দলের পুরানো কর্মীরাও উপস্থিত ছিলেন এই কর্মী সভায়। বৈঠক শেষে জামালপুর থানা মোড় সংলগ্ন এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল দেওয়া হয়, বাড়ি বাড়ি ও মার্কেটে প্রচার করেন প্রার্থী ভূতনাথ মালিক সহ অন্যান্যরা। ঘরের ছেলে প্রার্থী হওয়ায় কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।








