মগরাহাটে চুরির ঘটনার পর্দাফাঁস — গ্রেফতার তিন, উদ্ধার চুরির সামগ্রী
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, মগরাহাট:
দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে ঘটে যাওয়া এক চুরির ঘটনার পর্দাফাঁস করল পুলিশ। গ্রেফতার হয়েছে তিনজন অভিযুক্ত, উদ্ধার হয়েছে চুরি যাওয়া সমস্ত সামগ্রী—এমনটাই জানিয়েছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে।
সম্প্রতি মগরাহাট থানার অন্তর্গত মৌখালী এলাকায় চুরির ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ এবং ওসি পীযুষ কান্তি মণ্ডলের নেতৃত্বে বিশেষ অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়।
শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে যুক্ত একটি বড় চক্রের সূত্র মিলেছে। এখনও তদন্ত চলছে, অন্য কেউ এই চক্রের সঙ্গে যুক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, মগরাহাটের হেঁড়িয়া মৌখালীর বাসিন্দা সাইফুল আলী খান কয়েক দিনের জন্য কলকাতায় গেলে সেই সুযোগে প্রতিবেশী তিন যুবক—শেখ আসিফ, খোকন ও ইজাজ আলী খান তাঁর বাড়িতে চুরি করে।
ধৃতদের পুলিশ হেফাজতে রেখে ঘটনার নেপথ্যের পূর্ণ চক্র ও জাল উন্মোচনের কাজ চলছে, জানিয়েছেন তদন্তকারীরা।







