ভারত সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও আফগান বিদেশমন্ত্রী
নতুন পয়গাম, নয়াদিল্লি, ৫ অক্টোবর:
ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ভারত সফরে আসছেন কিয়ের স্টারমার। দুদিন পর ৮-৯ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারতে আসছেন তিনি। ইন্দো-ব্রিটিশ মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নে একাধিক পদক্ষেপ নিয়েছে দুই দেশ। এছাড়াও আলোচনা হবে বিভিন্ন দ্বিপাক্ষিক ও কূটনৈতিক ইস্যু নিয়ে। ৯ অক্টোবর মুম্বইয়ে ব্যবসায়ী ও উদ্যোগপতিদের সঙ্গে দেখা করবেন মোদি-স্টারমার। ষষ্ঠ গ্লোবাল ফিনটেক ফেস্টেও অংশগ্রহণ করবেন তাঁরা।
সূত্রের খবর, দুই প্রধানমন্ত্রীর আলোচনার কেন্দ্রে থাকবে প্রযুক্তি ক্ষেত্রে অংশীদারিত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও। উল্লেখ্য, মাত্র কয়েক মাস আগেই দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সই হয়েছে। চলতি বছর জুলাইয়ে ব্রিটেন সফরে গিয়েছিলেন মোদি। সেখানেই তিনি স্টারমারকে নয়াদিল্লি সফরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগে ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্টোমরিচ ভারত সফরে এসে মুক্ত বাণিজ্য চুক্তি সই করে যান।
অন্যদিকে, চলতি মাসেই ভারত সফরে আসছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। শনিবার কাবুল প্রশাসনের তরফে ভারত সফরের কথা জানান তিনি। ২০২১ সালে আগস্টের মাঝামাঝি বিনা রক্তপাতে তালিবান আফগানিস্তানে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম ভারতে আসছেন বিদেশমন্ত্রী। এদিকে আগামীকাল ৭ অক্টোবর মস্কো সম্মেলনে যোগ দেবেন মুত্তাকি। সেখানে থাকবে চীন, ভারত, ইরান ও মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশ। তারপরেই ভারত সফরে আসবেন আফগান বিদেশমন্ত্রী। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অনুমতি নিয়েই তিনি ভারত সফরে আসছেন। কারণ, তার ওপর এখনও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে। সূত্রের খবর, আগামী ৯ থেকে ১৬ অক্টোবর নয়াদিল্লিতে থাকতে পারেন মুত্তাকি।
উল্লেখ্য, গত এপ্রিলে কাবুল সফরে গিয়েছিলেন ভারতের বিশেষ প্রতিনিধি আনন্দ প্রকাশ। সেখানে দুই প্রতিবেশী দেশের মধ্যে বিভিন্ন কূটনৈতিক ও দ্বিপাক্ষিক ইস্যুতে দীর্ঘ আলোচনা হয়। মার্কিন মধ্যস্থতায় আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে আশরাফ গণি সরকারকে সরিয়ে তালিবানের হাতে ক্ষমতা হস্তান্তর করা হলেও গত ৪ বছরে একমাত্র রাশিয়া তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছে।








