ইনস্টাগ্রামে লাভ রিয়াক্ট কে ঘিড়ে রক্তারক্তি! আহত ৩, তুমুল উত্তেজনা
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়ি:
ইনস্টাগ্রামে লাভ রিয়াক্ট কে ঘিড়ে রক্তারক্তি! ধূপগুড়িতে ‘সোশ্যাল মিডিয়া লাভ স্টোরি’তে চরম অশান্তি। বালতি দিয়ে মারামারি ২ পরিবারের মধ্যে, আহত হয়ে হাসপাতালে তিন।
ইনস্টাগ্রামে স্বামীর ছবিতে লাভ রিয়াক্ট আর এতেই বাঁধল বিপত্তি! সোশ্যাল মিডিয়ার ভালোবাসার ইমোজি যে বাস্তবে রক্তারক্তি পর্যন্ত গড়াতে পারে, তা ভাবতেও পারেননি এলাকার মানুষজন, ধূপগুড়ি ওভারব্রিজ সংলগ্ন ভেমটিয়া গ্রামের ঘটনা।
অভিযোগ, স্বামী সাজাহান আলী দীর্ঘদিন ধরেই ইনস্টাগ্রামে প্রাক্তন প্রেমিকার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। মাঝেমধ্যেই নানান ইঙ্গিতপূর্ণ মেসেজও করতেন বলে দাবি। সেই সূত্র ধরেই এদিন নতুন নাটকের শুরু শাহজাহানের ছবিতে লাভ রিয়াক্ট দেয় তার প্রাক্তন প্রেমিকা এবং তার সঙ্গে “হায় সোনা, কেমন আছো” এমন একটি মেসেজও আসে। এই বিষয়টি নজরে পড়তেই জানতে চান স্ত্রী রুবিনা। আর সেই প্রশ্ন করতেই শাহজাহান নাকি বেজায় খেপে যান এবং স্ত্রীকে বেধড়ক মারধর শুরু করেন বলে অভিযোগ।
ঠিক সেই সময় রুবিনা ফোনে কথা বলছিলেন দিদির সঙ্গে। ফোনের ওপার থেকেই চিৎকার চেঁচামেচির শব্দ শুনে দিদি বিউটি পার্ভিন ছুটে আসে বোনের বাড়িতে। সেখানে এসে প্রতিবাদ করতেই ঝগড়া বাড়তে বাড়তে হাতাহাতিতে গড়ায়। বোনকে মারধর করতে দেখে দিদি বিউটি এগিয়ে এলে ননদ রাবেয়া খাতুন নাকি বালতি দিয়ে তার মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বিউটি। তাঁকে উদ্ধার করে নিয়ে আসা হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযোগ, পুলিশের সামনেই রুবিনা ও তার দিদি বিউটি পার্ভিন কে শ্বশুরবাড়ির লোকজন ফের মারধর করে। জামাই এবং ননদের বেধড়ক মারধরে আহত রুবিনা বিউটি সহ তিন জন। রাতেই তিনজনকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে ভেমটিয়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
এক লাভ রিয়াক্ট যে এমন মারপিট রক্তাক্ত অবস্থা তৈরি করতে পারে, তা ভেবে রীতিমতো হতবাক স্থানীয়রা। সোশ্যাল মিডিয়ার ভালোবাসা এবার পৌঁছে গেল সরাসরি হাসপাতালে!
ননদ রাবেয়া খাতুন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তার দাবি ভাই বউ রুবিনা এসে আমাকে প্রথম অভিযোগ জানায়, আমি তাকে বলি যে সে মেয়েটিকে ফোন করে বকা দিতে যাতে সেকেন্ড টাইম এমন না করে। পরে দেখি ওতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলছে সেই সময় ওর দিদি এসে পৌঁছায় আমাদের গায়ে হাত দেয়। আমি কাউকে মারি নি। ”
ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য জানান, “এই ঘটনা নিয়ে উভয় পক্ষের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। “







