সোনামুখীতে বিজেপির পথ অবরোধ, খগেন মুর্মুর উপর হামলার প্রতিবাদ
সঞ্জয় মণ্ডল, নতুন পয়গাম, বাঁকুড়া:
গতকালের ঘটনার প্রতিবাদে সোনামুখীতে পথ অবরোধ ও পথসভা করেছেন বিজেপির নেতা ও কর্মীরা। ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন উত্তরবঙ্গের সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ, যারা বন্যার সময় দুর্গত এলাকায় ত্রাণ বিতরণের জন্য গিয়েছিলেন।
বুধবার সোনামুখী চৌমাথা মোড়ে পথ অবরোধে নেতৃত্ব দেন বিজেপির বিধায়ক দিবাকর ঘরামি। তিনি বলেন, “আমাদের নেতা শঙ্কর ঘোষ ও সাংসদ খগেন মুর্মু সরজমিনে দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করতে গিয়েছিলেন। সেই সময় তাদের ওপর হামলা হয়েছে। দুজনেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক।”
দিবাকর ঘরামি আরও বলেন, “বাংলায় যে সন্ত্রাসের রাজত্ব চলছে, তা আবারও স্পষ্ট হয়ে উঠল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত কাছে আসবে, তৃণমূল আরও বেশি করে বিজেপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের ওপর হামলা চালাবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভেবেছেন যে আমাদের আটকে দিয়ে রাজ্য পরিচালনা করা যাবে, তাহলে তিনি ভুল করছেন। তৃণমূল যত বেশি আক্রমণ করবে, বিজেপি তত বেশি তাদের দুর্নীতি মানুষের সামনে তুলে ধরবে।”
বিধায়ক ঘরামি অভিযোগ করেছেন, তৃণমূলের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ হিসেবে শঙ্কর ঘোষ ও খগেন মুর্মুর ওপর প্রাণঘাতী হামলা হয়েছে। তিনি বলেন, “গোটা রাজ্যে তৃণমূল যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তার চিত্র এই হামলায় পরিষ্কার হয়ে উঠেছে।”
পথ অবরোধ ও প্রতিবাদী সভায় উপস্থিত কর্মীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে তৃণমূলের দমননীতি ও নির্বাচনী হুমকির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।







