বিহারে মুখ্যমন্ত্রী তেজস্বী, ঘোষণা ইন্ডিয়া-র
পাটনা, ২৩ অক্টোবর:
দুদিন আগে অমিত শাহ বলতে পারেননি, এনডিএ জোট জিতলে নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী থাকবেন কিনা। কিন্তু বিরোধী জোটের তরফে ঘোষণা করা হল, তাদের জোট জিতলে মুখ্যমন্ত্রী হবেন তেজস্বী যাদব এবং উপমুখ্যমন্ত্রী হবেন বিকাশীল ইনসান পার্টি-র (ভিআইপি) প্রধান মুকেশ সাহানি। অর্থাৎ আরজেডি নেতা তেজস্বী যাদবের নেতৃত্বে বিহারে ভোট-যুদ্ধে নামছে ইন্ডিয়া শিবির। জোট ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী লালু যাদবের পুত্র। বৃহস্পতিবার পাটনায় এক যৌথ সাংবাদিক বৈঠকে একথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সেইসঙ্গে সমস্ত জল্পনায় ইতি ঘটল।
ভোটের আগে নিজেদের ঐক্যবদ্ধ ছবি তুলে ধরতে মরিয়া ইন্ডিয়া শিবির। আসন সমঝোতার ক্ষেত্রে শরিকদের মধ্যে ঐকমত্য হয়নি। একাধিক আসনে একে-অন্যের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করেছে। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না প্রতিপক্ষ গেরুয়া শিবির। এই অবস্থায় জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তেজস্বীর নাম ঘোষণা করে পাল্টা চাল দিল ইন্ডিয়া শিবির।
![]()
‘মহাজোটের জট কাটাতে এদিন দিল্লি থেকে পাটনা ছুটে এসেছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক গেহলট। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘বিহারের আসন্ন নির্বাচনে তেজস্বী জোটের মুখ্যমন্ত্রী পদে মুখ। সমস্ত সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত হয়েছে।’ উল্লেখ্য, আগামী ৬ ও ১১ নভেম্বর বিহারে নির্বাচন। ১৪ নভেম্বর ফলাফল ঘোষণা হওয়ার কথা। ক্ষমতাসীন এনডিএ জোট এখনও মুখ্যমন্ত্রীর মুখে সিলমোহর দিতে না পারলেও বিরোধী জোট তেজস্বীকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে কয়েক কদম এগিয়ে রইল। এমনিতেই সমীক্ষা বলছে, এবার বিরোধী জোটের পাল্লা ভারী। ব্যাকফুটে নীতীশ-বিজেপির এনডিএ শিবির।








