এসআইআর বিরোধী প্রতিবাদ সপ্তাহে ভগৎ সিং স্মরণ
নতুন পয়গাম, মহেশতলা: ১৭-২৩ মার্চ মানবাধিকার সংগঠন সিপিডিআরএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এসআইআর বিরোধী প্রতিবাদ সপ্তাহের ডাক দেয়। একটাই দাবি এসআইআর করার মাধ্যমে কোন যোগ্য ভোটারদের বঞ্চিত করা যাবে না। এরই ধারাবাহিকতায় সোমবার ২৩শে মার্চ এই প্রতিবাদ সপ্তাহের শেষ দিন শহীদ ভগৎ সিং আত্মোৎসর্গ দিবস পালিত হয় বজবজে। সিপিডিআরএস মহেশতলা বজবজ সাতগাছিয়া জোনাল কমিটির পক্ষ সকালে বজবজ স্টেশনের পাশে ভগৎ সিং স্মরণে কর্মসূচী সংগঠিত করে। কর্মসূচী থেকে সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে আওয়াজ ওঠে। কর্মসূচীতে সংগঠনের জোনাল সভাপতি অমরনাথ ভট্টাচার্য, ওয়ার্কিং প্রিসিডেন্ট মীনা পান্ডে, সম্পাদক চন্দ্রভান পাল সহ সংগঠনের কর্মী ও সদস্যদের পাশাপাশি স্টেশনের পরিবহন শ্রমিকরা যুক্ত হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে সিপিডিআরএস রাজ্য কমিটির মেম্বার ও জোনাল কমিটির ওয়ার্কিং প্রিসিডেন্ট মীনা পান্ডে বলেন “বর্তমান সময়ে ভগৎ সিংয়ের শিক্ষায় বলিয়ান হয়ে আমাদের অধিকার রক্ষার আন্দোলন গড়ে তুলতে হবে।” এদিনের কর্মসূচী স্টেশনের নিত্যযাত্রী সহ এলাকায় আলোড়ন সৃষ্টি করে।








