কাজে এল না বার্টলেটের অলরাউন্ড পারফরম্যান্স,পাকিস্তানের কাছে হার অজিদের
নতুন পয়গাম ডেস্ক: কথায় বলে- সকাল দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে!কিন্তু পাকিস্তান-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তা হল না। টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই সাহিবজাদা ফারহানের উইকেট হারায় তারা।পক্ষান্তরে অস্ট্রেলীয় ব্যাটাররা শুরুতেই চালিয়ে খেলেও মাত্র ১৬৮ রান চেজ করতে পারলো না। ট্রাভিস হেড নেমেই যেভাবে তেড়েফুঁড়ে ব্যাটিং শুরু করেছিলেন, তাতে চাপই অনুভব করার কথা পাকিস্তান অধিনায়কের। অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক নিজের খেলা প্রথম ৯ বলেই মেরেছেন দুটি ছক্কা, দুটি চার। পাকিস্তানের ১৬৮ রান তাড়ায় অস্ট্রেলিয়া ২.২ ওভারেই করে ফেলে ২৭ রান। তবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে হেডদের এই শুরুর ঝড় দীর্ঘায়িত হয়নি। পাকিস্তানের স্পিন-জালে ফেঁসে অস্ট্রেলিয়া ১০০ তোলার আগেই হারায় ৬ উইকেট। শেষ পর্যন্ত তাদের ১৪৬ রানে আটকে দিয়ে পাকিস্তান ম্যাচ জিতেছে ২২ রানে। এই জয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ জয়ের খরা কাটল পাকিস্তানের। সর্বশেষ ২০১৮ সালের অক্টোবরে দুবাইয়ে জিতেছিল পাকিস্তান, এরপর হেরেছে টানা ৭ ম্যাচ। রান তাড়ায় অস্ট্রেলিয়া ভালো শুরুর পরও আটকেছে মূলত পাকিস্তানের স্পিনারদের জালে। দুই ওপেনার ম্যাথু শর্ট ও হেডকে ফিরিয়েছেন সাইম আইয়ুব। এর মধ্যে হেড ১৩ বলে ২৩ রান করে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে আর শর্ট ৪ বলে ৫ রান করে বোল্ড হন।
সাইম ২ উইকেট নিয়েছেন ৩ ওভারে ২৯ রান দিয়ে। তবে আবরার আহমেদের ২ উইকেট এসেছে ৪ ওভারে মাত্র ১০ রানে। এ ছাড়া শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ ১টি করে উইকেট নেন।
চার স্পিনারের বাইরে পাকিস্তানের হয়ে বল হাতে নিয়েছেন দুই পেসার শাহিন আফ্রিদি ও সালমান মির্জা। দুজনে মোট ৬ ওভার বল করলেও কোনো উইকেট পাননি।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক পর্যায়ে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৬ উইকেটে ৯৬। সেখান থেকে দলটির রান ১৪৬-এ পৌঁছায় ৯–এ নামা জ্যাভিয়ার বার্টলেটের ২৫ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে।যদিও তা কাজে আসেনি। আগে টসে জিতে ব্যাট করতে নামা পাকিস্তান প্রথম বলে বার্টলেটের বলে সাহিবজাদা ফারহানকে হারালেও দ্রুতই ধাক্কা সামলে ওঠে। দ্বিতীয় উইকেটে সাইম ও সালমান ৭৪ আর চতুর্থ উইকেটে বাবর আজম ও ফখর জামান ৩৭ রান যোগ করলে দলটির রান ১৫০ ছাড়ায়। সাইম ২২ বলে ২ ছক্কা ৩ চারে করেন ৪০ রান, অধিনায়ক সালমান ২৭ বলে ৪ ছক্কা ১ চারে ৩৯ রান। চারে নামা বাবরের ব্যাট থেকে আসে ১টি করে চার ও ছয়ে তৃতীয় সর্বোচ্চ ২৪ রান। তবে বাবরের স্লো ব্যাটিং এদিনও সমালোচিত হল।সমালোচিত হল ফখর,উসমানের ব্যাটিংও।








