চ্যাম্পিয়ন্স লিগে ডু অর ডাই ম্যাচে নামছে বার্সেলোনা
স্টাফ রিপোর্টার, নতুন পয়গামঃ
কার্যত নকআউট হয়ে গেছে প্রতিটি ম্যাচ।যেখানে একটা ম্যাচে পা হড়কালেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে একপ্রকার বিদায় হয়ে যাবে লা লিগার সেরা দলের।
স্প্যানিশ লা লিগায় শেষ ছ’টি ম্যাচে টানা জয়। লিগ টেবিলেও শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। তবে চ্যাম্পিয়ন্স লিগের আসরে সেই ছন্দ বজায় রাখতে ব্যর্থ হান্স ফ্লিকের ছেলেরা। পাঁচ ম্যাচে মাত্র দু’টিতে জয় পেয়েছে তারা। হেরেছে সমসংখ্যক ম্যাচে। আর একটি ড্র। মাত্র সাত পয়েন্ট নিয়ে তালিকায় ১৮ নম্বরে রয়েছে কাতালন ক্লাবটি। এমন পরিস্থিতিতে সরাসরি শেষ ষোলোর টিকিট নিশ্চিতের পথ অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে তাদের সামনে। পরিস্থিতি যা, গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচই জিততে হবে ফ্লিক-ব্রিগেডকে। সেই লক্ষ্যে মঙ্গলবার ঘরের মাঠে আইনট্র্যাক্ট ফ্র্যাঙ্কফুর্টের মুখোমুখি জবে তারা।
টুর্নামেন্টের শেষ ম্যাচে চেলসির কাছে অসহায় আত্মসমর্পণ করেছিল বার্সেলোনা। তিন গোলে হেরে মাঠ ছাড়ে তারা। তার উপর লাল কার্ড দেখায় ফ্র্যাঙ্কফুর্টের বিরুদ্ধে নেই রোনাল্ড আরাহু। তবে লা লিগায় শেষ ম্যাচে বিশ্রামে থাকা রাফিনহা ও লেওয়ানডস্কি দলে ফিরছেন। পাশাপাশি মাঝমাঠে শুরু করবেন পেড্রি, ডে জং। ধারেভারে অনেকটাই পিছিয়ে থাকা প্রতিপক্ষকে কোনওভাবেই হালকাভাবে নিতে নারাজ বার্সা কোচ। বরং বড় ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলে উন্নতি করাই লক্ষ্য তাঁর।এখন দেখার বাস্তবে কতটা নিজেদের কতটা মেলে ধরতে পারে মেসির পুরনো ক্লাবের নতুন খেলোয়াড়েরা।








