বড়জোড়া কলেজে বর্ণিল আয়োজনে পালন হল বসন্ত উৎসব
নতুন পয়গাম, সঞ্জয় মণ্ডল, বাঁকুড়া: বাঁকুড়া জেলার বড়জোড়া কলেজে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বসন্ত উৎসব। সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে উৎসবের আমেজে মেতে ওঠেন ছাত্র-ছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষকর্মীরা। বসন্তের আবাহনে রঙিন আবির, সংগীত, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন।এই উপলক্ষে কলেজের সকলেই ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে বসন্তকে স্বাগত জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. অরুন কুমার রায়। শুভেচ্ছা ভাষণে তিনি বসন্ত উৎসবকে সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন এবং ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক চর্চায় আরও এগিয়ে আসার আহ্বান জানান।
দিনভর নানা অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয় প্রীতিভোজের। ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহে কলেজ চত্বরে এক অনন্য মিলনমেলা ও সম্প্রীতির পরিবেশের সৃষ্টি হয়। আয়োজনের সামগ্রিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন কলেজ কর্তৃপক্ষ।








