বালিয়া ঘোষপাড়া কালীপূজো কমিটির উদ্যোগে দীপাবলি উৎসবে সমাজসেবামূলক অনুষ্ঠান
রহমতুল্লাহ, নতুন পয়গাম, সাগরদিঘী:
দীপাবলির আলোয় আলোকিত সন্ধ্যায় মানবিকতার প্রদীপ জ্বালালো সাগরদিঘীর বালিয়া ঘোষপাড়া কালীপূজো কমিটি। বুধবার দীপাবলি উৎসব উপলক্ষে কমিটির উদ্যোগে আয়োজিত হয় এক প্রশংসনীয় সমাজসেবামূলক অনুষ্ঠান। এদিনের কর্মসূচিতে ৭৫ জন দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়, যা এলাকাবাসীর মধ্যে বিশেষ সাড়া ফেলে।
সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখা মানুষদেরও এই অনুষ্ঠানে সম্মান জানানো হয়। কমিটির পক্ষ থেকে ১৫ জন প্রাক্তন সেনাকর্মীকে প্রদান করা হয় “বীর যোদ্ধা সম্মাননা”, ৪ জন স্বেচ্ছাসেবী রক্তদাতাকে “রক্তযোদ্ধা সম্মাননা”, প্রবীণ সদস্যদের “বয়স্ক কমিটি সম্মাননা”, এবং ২ জন কীর্তনশিল্পীকে “কীর্তনগান সম্মাননা” প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কমিটির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁদের বক্তব্যে উঠে আসে, দীপাবলির আনন্দ তখনই সত্যিকার অর্থে পূর্ণতা পায় যখন সমাজের পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটানো যায়।
বালিয়া ঘোষপাড়া কালীপূজো কমিটির এই সমাজসেবামূলক পদক্ষেপ তাই দীপাবলির উৎসবকে শুধু আলোর নয়, মানবিকতার উৎসবে পরিণত করেছে। এই অনন্য উদ্যোগে এলাকাজুড়ে উঠেছে প্রশংসার ঢেউ।







