রাজনগর গার্লস জুনিয়র হাই স্কুলে সচেতনতামূলক কর্মসূচি
উমার ফারুক, নতুন পয়গাম, মালদা:
মালদা জেলার কালিয়াচক – ৩ ব্লকের বৈষ্ণবনগর শিক্ষা চক্রের রাজনগর গার্লস জুনিয়র হাই স্কুলে বুধবার এক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচি ১১৯ ব্যাটেলিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্সের(মালদা) উদ্যোগে আয়োজন করা হয়। এদিন ‘মানব পাচার বন্ধ করুন ‘ ও ‘বাল্য বিবাহ মুক্ত ভারত ‘ বিষয়ে পড়ুয়াদের মধ্যে আলোচনা করা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ১১৯ ব্যাটেলিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্সের সাব ইন্সপেক্টর জেনাব পারভিন, কনস্টেবল প্রিয়াঙ্কা দাস,শক্তি বাহিনির বিদিশা পারভিন,শক্তি বাহিনির কাউন্সেলর আবৃতি সাহা প্রমুখ। আলোচকদের আলোচনায় মানব পাচার বন্ধ করতে সকলের সচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্কের সূত্র ধরে মানব পাচারের মতো অপরাধ সংঘটিত হচ্ছে। ছাত্রীদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। সেইসঙ্গে বাল্য বিবাহ প্রতিরোধ করতে শিক্ষার প্রসারে জোর দেওয়া হয়। সমাজে বাল্য বিবাহের প্রচলন এখনও রয়েছে। বাল্য বিবাহ প্রতিরোধ করতে প্রথমে অভিভাবকদের সচেতন করা প্রয়োজন। সকল শিশুকে শিক্ষার অঙ্গনে নিয়ে এসে তাদের উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলতে হবে। এদিনের কর্মসূচির মাধ্যমে স্কুলের ছাত্রীদের এই বিষয়ে সচেতন করা হয়।
এই বিষয়ে রাজনগর গার্লস জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা ফাতেমা আনোয়ার বলেন, এদিন স্কুলে এদিন ‘মানব পাচার বন্ধ করুন ‘ ও ‘বাল্য বিবাহ মুক্ত ভারত ‘ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় শতাধিক ছাত্রী অংশ গ্রহণ করে। ১১৯ ব্যাটেলিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্সের আধিকারিক সহ স্কুলের শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।








