এস.আই.আর. নিয়ে সচেতনতা সভা সাগরদিঘীতে কংগ্রেসের উদ্যোগে
রহমতুল্লাহ, নতুন পয়গাম, সাগরদিঘী:
“সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও” স্লোগানকে সামনে রেখে সাগরদিঘী ব্লকের গৌরীপুর এলাকায় শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্যোগে এক সচেতনতা সভা। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
পাটকেলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা জাররা খানের সঞ্চালনায় আয়োজিত পথসভায় উপস্থিত ছিলেন সাদারুল আমিন ফটিক, সাইদুর রহমান, শিলন হাজরা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা তাঁদের বক্তব্যে স্পষ্ট মন্তব্য করেন— “এস.আই.আর.–এর নামে কোনো বৈধ নাগরিককে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।”
সভায় বক্তারা দেশের সংবিধান রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, ভারতের ঐক্য, অখণ্ডতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে প্রতিটি নাগরিককে সতর্ক ও সচেতন থাকতে হবে। বিভ্রান্তি এড়িয়ে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক অধিকার রক্ষার আহ্বান জানানো হয় সাধারণ মানুষের প্রতি।
উপস্থিত জনতার সক্রিয় অংশগ্রহণ সভাটিকে প্রাণবন্ত করে তোলে। রাজনৈতিক বার্তার পাশাপাশি সভাটি দেশপ্রেম, গণতন্ত্র ও সাংবিধানিক আদর্শের প্রতি দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটায়।







