আওয়াজ মালদা জেলা কমিটির তৃতীয় কনভেনশন অনুষ্ঠিত
উমার ফারুক, নতুন পয়গাম, মালদা:
মালদা জেলার ইংলিশবাজারের রাজমহল রোডে কর্মচারী ভবনে রবিবার অনুষ্ঠিত হল আওয়াজ মালদা জেলা কমিটির তৃতীয় কনভেনশন। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন আওয়াজ রাজ্য কমিটির সম্পাদক রুহুল আমিন গাজী।
উদ্বোধনী ভাষণে তিনি বলেন, দেশে বর্তমানে অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে। আরএসএস ও বিজেপির নীতির ফলে সংখ্যালঘু, আদিবাসী ও দলিতদের জীবন–জীবিকা সংকটে পড়েছে। পাশাপাশি দেশের সম্পদ কর্পোরেট গোষ্ঠীর কাছে বেসরকারিকরণের মাধ্যমে তুলে দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী জেলা সম্পাদক মোহাম্মদ একরাম হোসেন। তিনি গত এক বছরের কার্যক্রম তুলে ধরে সংগঠনকে ব্লক ও অঞ্চল স্তরে আরও শক্তিশালী করার আহ্বান জানান। প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেন।
কনভেনশনে নতুন জেলা কমিটি গঠন করা হয়। জেলা সভাপতি হিসেবে নির্বাচিত হন অধ্যাপক আবুল হাসান। কার্যকরী সভাপতি একরাম হোসেন, সম্পাদক আনিসুর রহমান ও কোষাধ্যক্ষ কুতুবউদ্দিন মিঞা। মোট ৩৫ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে রাজ্য উপদেষ্টা নৈমুদ্দিন শেখসহ বিভিন্ন ব্লকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন ইলিয়াস আলী, আজিজুর রহমান ও পার্বতী হাসদা।








