বালিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
নতুন পয়গাম, রহমতুল্লাহ, সাগরদিঘী: সাগরদিঘী ব্লকের বালিয়া উচ্চ বিদ্যালয়ে শুক্রবার উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকালবেলা পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মশাল দৌড় অনুষ্ঠিত হয় এবং শপথ বাক্য পাঠ করানো হয়। এরপর বিভিন্ন বয়সভিত্তিক দৌড় প্রতিযোগিতা, কক ফাইট, মিউজিক্যাল চেয়ারসহ একাধিক ক্রীড়া ইভেন্টে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। পাশাপাশি ‘যেমন খুশি সাজো’ প্রতিযোগিতা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ, যা উপস্থিত দর্শক ও অভিভাবকদের বিশেষভাবে মুগ্ধ করে। খেলা শেষে বিভিন্ন বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। স্কুলের প্রধান শিক্ষক আহাসানুল হক বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার এক অপরিহার্য অঙ্গ। শরীরচর্চা যেমন সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন, তেমনি তা ছাত্রছাত্রীদের মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান, নেতাজী সংঘ ক্লাবের সম্পাদক স্বদেশ রঞ্জন দাস, মঙ্গল চন্দ্র দাস সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন । আনন্দঘন পরিবেশে দিনভর চলা এই ক্রীড়া প্রতিযোগিতা ছাত্রছাত্রী উচ্ছাস উন্মাদনা গড়ে ওঠে।








