মালতিপুরে শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নতুন পয়গাম, বসিরহাট: বসিরহাট ২ নম্বর ব্লকের চৈতা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মালতিপুর শিশু মঙ্গল একাডেমির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সকাল থেকেই শিশুদের উচ্ছ্বাস ও অভিভাবকদের উপস্থিতিতে এলাকাজুড়ে ছিল আনন্দের আবহ। রঙিন সাজে সজ্জিত মাঠে শিশুদের কোলাহল পুরো অনুষ্ঠানটিকে এক মিলনমেলায় পরিণত করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালতিপুর হাই স্কুলের প্রধান শিক্ষক শাহ নওয়াজ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বাদুড়িয়া এল এম এস হাই স্কুলের প্রধান শিক্ষক ও ঘোড়ারাস আল মোস্তফা মিশনের সম্পাদক আরশাদুর রহমান এবং মালতিপুর শিশু মঙ্গল একাডেমির প্রধান শিক্ষক হুমায়ুন কবীর। অতিথিরা শিশুদের সঙ্গে কথা বলেন এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন।
এদিন ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৩৩টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। দৌড়, লং জাম্প, ব্যালেন্স রেস, বল নিক্ষেপসহ বিভিন্ন খেলায় অংশ নেয় খুদে পড়ুয়ারা। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে প্রতিটি ইভেন্টই হয়ে ওঠে আকর্ষণীয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের জন্য আয়োজিত প্রতিযোগিতা, যেখানে অংশ নিয়ে তারাও শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন। দর্শকদের করতালিতে উৎসাহ পায় অংশগ্রহণকারীরা। বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিশুদের সর্বাঙ্গীণ বিকাশের জন্য অপরিহার্য। সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রশংসা করেন অতিথি ও অভিভাবকরা।








