নব বিদ্যায়তনের বার্ষিক মিলন উৎসব
নতুন পয়গাম, মুরারই:
বীরভূম জেলার মুরারই বিধানসভা এলাকার পাইকর থানার অন্তর্গত আমডোল গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা যেখানে হাতে গোনা, সেখানে শিক্ষার আলো ছড়িয়ে চলেছে কয়েকটি বেসরকারি উদ্যোগ। এর মধ্যে অন্যতম নব বিদ্যায়তন বিদ্যালয়, যা এবার নবম বর্ষে পদার্পণ করল। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় এক মনোমুগ্ধকর বার্ষিক মিলন উৎসব-২০২৫, যা স্থানীয় জনমানসে আনন্দের রেশ ছড়িয়ে দেয়।
সকাল সাড়ে ন’টায় শিক্ষিকাদের সমবেত কণ্ঠে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী ভাষণ দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি কারিবুল সেখ। এরপর একে একে ছাত্র-ছাত্রীদের কবিতা, আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনা ইত্যাদি বহুমুখী সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শক ও অভিভাবকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লব গড়াই, প্রাক্তন শিক্ষক ও গ্রাম পঞ্চায়েত প্রধান অনন্ত মজুমদার, বিশেষ অতিথি আর. এন. পাবলিক স্কুল (এইচ. এস.)-এর প্রধান শিক্ষক আবু তাহের সেখ, দারুল হোদা ইসলামিক ইউনিভার্সিটি-র ভাইস প্রিন্সিপাল ও বেস ফাউন্ডেশন এবং আল ফৌজ ইংলিশ মিডিয়াম স্কুল-এর ডিরেক্টর মহম্মদ নাফি এবং আর. এন. পাবলিক স্কুল-এর সহকারী শিক্ষক রণজয় মণ্ডল প্রমুখ। অতিথিদের বক্তব্যে উঠে আসে, বিদ্যালয়ের শিক্ষা-সংস্কৃতির ধারাবাহিক উন্নতির প্রশংসা।
শিক্ষিকা মেহেন্দি খাতুন, শেফালি আলম ও সুখী ঘোষ-এর সঙ্গীত ও আবৃত্তি সবার মন জয় করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, নতুন শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এবং দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা আগের মতোই বজায় থাকবে।







