রেশন নিয়ে বাড়ি ফেরার পথে পৌঢ়ের মৃত্যু
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়ি:
রেশন নিয়ে বাড়ি ফেরার পথে ধূপগুড়িতে মৃত্যু হয় এক পৌঢ়ের, মৃতের নাম দ্বিজেন্দ্রনাথ রায় (৭০) কালীরহাট এলাকার বাসিন্দা। মঙ্গলবার সকালে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১নং গ্রাম পঞ্চায়েতের কালীরহাট বাজার সংলগ্ন বীণাপাণি এলাকায় পথ দুর্ঘটনা টি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি সাইকেলে রেশন নিয়ে রাস্তায় বাড়ি ফিরছিলেন। ঠিক তখন ডাউকিমারী থেকে ধূপগুড়ি গামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন এবং মাথায় গুরুতর চোট পান। দ্রুত তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় ব্যবহৃত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, ধূপগুড়ি নাথুয়াগামী পূর্ত দপ্তরের রাস্তা নিয়ন্ত্রণে থাকলেও দ্রুতগামী এবং ওভারলোড গাড়ি নিয়ে কেন প্রশাসনের নজর নেই।
এদিকে,ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনের নজরদারি ও রাস্তায় দ্রুতগামী গাড়ির গতি নিয়ন্ত্রণ প্রয়োজন।








